নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : টানা ছয় দিন পতনের পর অবশেষে আজ (২০ আগস্ট) সবুজের দেখা মিলেছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে টাকার অঙ্কে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, আগের ধারাবাহিক পতনের পর যে পরিমাণ উত্থান হয়েছে, তা আশানুরূপ নয়। তারা মনে করছেন, বর্তমান চিত্রকে স্বাভাবিক বলা যায় না। কারণ আগের পতনে বিনিয়োগকারীরা যে পরিমাণ মূলধন হারিয়েছেন, এই সামান্য বৃদ্ধি তা পুষিয়ে দিতে পারেনি। তাই তারা শেয়ার বিক্রি না করে ধরে রেখেছেন—যার ফলে সূচক বাড়লেও লেনদেন কমেছে। বিনিয়োগকারীরা আশা করেছিলেন সূচক কমপক্ষে ৫০ পয়েন্ট বাড়বে, কিন্তু বাস্তবে তা হয়নি, যা তাদের মধ্যে হতাশা তৈরি করেছে। তাঁরা বলছেন, যদি আগামী কয়েক দিন ধরে টানা উত্থান থাকে, তবেই কিছুটা স্বস্তি ফিরতে পারে। এজন্য নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকর ইতিবাচক উদ্যোগ নেওয়ার পাশাপাশি বাজার পর্যবেক্ষণ জোরদার করতে হবে, যাতে স্বাভাবিক গতি বজায় থাকে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮৬.০৮ পয়েন্টে। অপর দুটি সূচকের মধ্যে ডিএসইএস ৪.৯৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ১৫৬.১১ পয়েন্ট, আর ডিএসই-৩০ সূচক ০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬২.৫১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৯২টির দর বেড়েছে, ১২৭টির দর কমেছে এবং ৭১টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৬৭১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার, যা গত কার্যদিবসের তুলনায় কম। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৭৩২ কোটি ৮৩ লাখ টাকা—অর্থাৎ কমেছে প্রায় ৬০ কোটি ৮৫ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ১৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যেখানে আগের দিন ছিল ৩৭ কোটি ৩১ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৮৭টির এবং ৩৩টির অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৮৬.২৯ পয়েন্টে, যা আগের দিন ১৯.২৮ পয়েন্ট কমেছিল।
Posted ২:৪২ পিএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
sharebazar24 | sajed khan
.
.