বৃহস্পতিবার ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে সুশাসন জোরদারে নতুন করপোরেট গভর্ন্যান্স বিধিমালা জারি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে সুশাসন জোরদারে নতুন করপোরেট গভর্ন্যান্স বিধিমালা জারি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন করপোরেট গভর্ন্যান্স বিধিমালা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (করপোরেট গভর্ন্যান্স) রুলস, ২০২৬’-এ বার্ষিক সাধারণ সভা (এজিএম), লভ্যাংশ বিতরণ, স্বতন্ত্র পরিচালক নিয়োগ, পরিচালনা পর্ষদের দায়িত্ব ও আর্থিক প্রতিবেদন প্রকাশে একাধিক নতুন নির্দেশনা যুক্ত করা হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্রতি গ্রেগরিয়ান ক্যালেন্ডার বছরে এজিএম আয়োজন করতে হবে এবং কোম্পানি আইন, ১৯৯৪ অনুসরণ করে সভা পরিচালনা করতে হবে। একইসঙ্গে রেকর্ড ডেট বা বুক ক্লোজার শুরুর ৪৫ কার্যদিবসের মধ্যে এজিএম সম্পন্ন করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

Responsive Ad Banner

বিএসইসি জানিয়েছে, এজিএম বা বিশেষ সাধারণ সভার (ইজিএম) নোটিশ সভার অন্তত ২১ দিন আগে শেয়ারহোল্ডার ও স্টক এক্সচেঞ্জে পাঠাতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ এবং কোম্পানির ওয়েবসাইটেও তা প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিও হিসাবে সংরক্ষিত ই-মেইল ঠিকানায়ও নোটিশ পাঠাতে হবে।

নতুন নিয়মে সাধারণ সভার সম্পূর্ণ কার্যক্রমের অডিও-ভিডিও রেকর্ড সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। সভা অনুষ্ঠিত হওয়ার তিন কার্যদিবসের মধ্যে সম্পাদনাবিহীন ভিডিও কপি কমিশন ও স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে। এছাড়া সভায় কোনো মূল্যসংবেদনশীল সিদ্ধান্ত গৃহীত হলে দুই ঘণ্টার মধ্যে তা প্রকাশ করতে হবে।

লভ্যাংশ বিতরণ নীতিতেও নতুন শর্ত আরোপ করেছে বিএসইসি। কোনো কোম্পানি আংশিক বা কোনো লভ্যাংশ না দিলে তার কারণ এবং অবিতরিত মুনাফা ব্যবহারের পরিকল্পনা এজিএমের রেজুলেশনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তবে যেসব কোম্পানি অন্তত ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করবে, তাদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।

স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রেও বিস্তারিত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, স্বতন্ত্র পরিচালককে বাংলাদেশি নাগরিক হতে হবে। তবে বহুজাতিক বা বিদেশি অংশীদারিত্ব থাকা কোম্পানির ক্ষেত্রে বিদেশি নাগরিককেও নিয়োগ দেওয়া যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাসের অনাপত্তিপত্র লাগবে।

বিধিমালায় বলা হয়েছে, স্বতন্ত্র পরিচালক হিসেবে ব্যবসায়ী, করপোরেট নির্বাহী, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক বা স্বীকৃত পেশাজীবীদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া যাবে। এদের অন্তত ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী স্বতন্ত্র পরিচালকদের ক্ষেত্রে ন্যূনতম অভিজ্ঞতা ৮ বছর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া স্বতন্ত্র পরিচালকদের করপোরেট গভর্ন্যান্স ও সিকিউরিটিজ আইন সম্পর্কিত প্রশিক্ষণ সম্পন্ন করার বাধ্যবাধকতাও রাখা হয়েছে। একইসঙ্গে কারা স্বতন্ত্র পরিচালক হিসেবে অযোগ্য হবেন, সেটিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী, কোম্পানির উদ্যোক্তা, পরিচালক, ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তা, ঋণ খেলাপি, বাজার কারসাজিতে দণ্ডিত ব্যক্তি, নিরীক্ষা প্রতিষ্ঠানের অংশীদার কিংবা একই সঙ্গে তিনটির বেশি তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকা ব্যক্তি এ পদে থাকতে পারবেন না।

পরিচালনা পর্ষদের প্রতিবেদনের ক্ষেত্রেও বিস্তৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। শিল্পখাতের ভবিষ্যৎ সম্ভাবনা, পণ্যভিত্তিক কার্যক্রম, পরিচালন ব্যয়, সংশ্লিষ্ট পক্ষের লেনদেন, আইপিও বা রাইট শেয়ারের অর্থ ব্যবহারের বিবরণ, আর্থিক ফলাফলের তারতম্যের কারণ এবং গত পাঁচ বছরের আর্থিক তথ্য প্রকাশ করতে হবে।

একইসঙ্গে কোম্পানিকে লভ্যাংশ নীতি, সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের অধিকার, স্টক ডিভিডেন্ড ঘোষণার কারণ এবং ইনসাইডার ট্রেডিংয়ে জড়িত না থাকার বিষয়ে পরিচালনা পর্ষদের ঘোষণা দিতে হবে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, নতুন করপোরেট গভর্ন্যান্স রুলস কার্যকর হলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জবাবদিহিতা ও তথ্য প্রকাশের মান বাড়বে। একইসঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজারে আস্থা পুনর্গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ৭:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com