নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ জুন ২০২৬ | 35 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : টানা তিন দিন উত্থানের পর গতকাল সামান্য দরপতন দেখা গেলেও আজ (১৭ জুন) ফের ইতিবাচক ধারায় ফিরেছে শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক যেমন বেড়েছে, তেমনি বেড়েছে লেনদেনের পরিমাণও। পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারদরও বেড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের শেয়ারবাজার এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে। মাঝেমধ্যে সূচক কিছুটা কমলেও সেটি ধসে পরিণত হচ্ছে না। বরং পতনের তুলনায় উত্থানের হার অনেক বেশি, যা একটি স্বাভাবিক বাজারেরই চিত্র। এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ নেই বললেই চলে। পূর্বে যারা বাজার থেকে বেরিয়ে গিয়েছিলেন তারাও ফের ফিরে এসে লেনদেনে অংশ নিচ্ছেন, যা সামগ্রিক বাজারপরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। ধারণা করা হচ্ছে, আগামীতেও এ প্রবণতা বজায় থাকবে।
বাজার পরিসংখ্যান বলছে, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২১.৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৬.৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৩.০৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৮২টির শেয়ারদর বেড়েছে, ১৫৮টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
আজ ডিএসইতে মোট ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকার তুলনায় প্রায় ১৫ কোটি ১৮ লাখ টাকা বেশি।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল এ পরিমাণ ছিল ৩০ কোটি ৯৭ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৯৩টির কমেছে এবং ২৮টির অপরিবর্তিত রয়েছে।
তবে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ২২ পয়েন্ট কমে ১৫ হাজার ২৪৯.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল এই সূচক ১২৩.৮২ পয়েন্ট কমেছিল।
Posted ২:৫০ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.