নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ মার্চ ২০২৬ | 0 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। আগের দিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবরে বড় ধরনের পতন দেখা গেলেও, মাত্র এক কর্মদিবসের ব্যবধানে বাজারে শক্তিশালী পুনরুদ্ধার লক্ষ্য করা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—দুই বাজারেই সূচক শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল এবং দিনশেষে সেই ধারা আরও শক্তিশালী হয়। সাম্প্রতিক সময়ে লেনদেনের শুরুতে সূচক বাড়লেও শেষভাগে পতনের যে প্রবণতা দেখা যাচ্ছিল, সোমবার তার ব্যতিক্রম ঘটেছে।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২.৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৫৩৪.০৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ১০.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯.৭১ পয়েন্টে। একই সঙ্গে ব্লু-চিপ সূচক ডিএস৩০ ১৮.৪৭ পয়েন্ট যোগ হয়ে ২ হাজার ১৩৫.৮৩ পয়েন্টে উন্নীত হয়েছে।
ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৪০টির দর বেড়েছে, ৪২টির কমেছে এবং ১২টির দর অপরিবর্তিত ছিল। লেনদেনের পরিমাণও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এদিন মোট লেনদেন হয়েছে ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকার, যা আগের কার্যদিবসে ছিল ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকা।
অন্যদিকে সিএসইতে সিএসসিএক্স সূচক ৭৬.৬৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৯৮.৬১ পয়েন্টে পৌঁছেছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪৮.৭৭ পয়েন্ট যোগ হয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫০০.০৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫.০৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯২৭.২৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪১.২৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৪৯.৮৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৯টির দর বেড়েছে, ৪৪টির কমেছে এবং ১৪টি অপরিবর্তিত রয়েছে। লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিন সিএসইতে মোট ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৮ লাখ টাকা।
বিনিয়োগকারীদের আস্থার দ্রুত প্রত্যাবর্তনেই বাজারে এই উত্থান এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Posted ৭:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.