নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | 4 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবসেই শেয়ারবাজারে দেখা গেছে উত্থানের ধারা। রোববার (২৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, নানা গুজবকে পেছনে ফেলে বিনিয়োগকারীরা এখন সতর্কতার সঙ্গেই লেনদেন করছেন। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতিও তুলনামূলকভাবে শান্ত রয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলো বাজার পরিস্থিতির ওপর বাড়তি নজরদারি বাড়িয়েছে। এছাড়া ব্যাংক, বীমা ও আর্থিক খাতের অনেক প্রতিষ্ঠানের এজিএম মৌসুম চলমান রয়েছে। মাত্র দুইদিন পর অন্যান্য খাতের আর্থিক বছর শেষ হচ্ছে, যা ধীরে ধীরে কোম্পানিগুলোকে ডিভিডেন্ড ঘোষণার দিকে নিয়ে যাবে। এসব কারণে আগের তুলনায় বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা বাড়াতে শুরু করেছেন, যা লেনদেনে ইতিবাচক প্রভাব ফেলেছে। আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন তাঁরা।
বাজার পরিসংখ্যান অনুযায়ী, সপ্তাহের প্রথম দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.৯৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৭১৯.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৩.৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬.৯৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩১.৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬২.৫৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশগ্রহণ করে। এর মধ্যে ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১৩৩টির দর কমেছে এবং ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণের দিকে নজর দিলে দেখা যায়, ডিএসইতে আজ প্রায় ১ হাজার ৩৬৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই পরিমাণ ছিল প্রায় ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ২৬০ কোটি ২৯ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। সিএসইতে আজ ৩৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগেরদিন ছিল ৯৮ কোটি ৮৩ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টির দর বেড়েছে, ৬২টির দর কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ১৯৭.২০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৪৬.৫০ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগেরদিন ছিল ২৯.৩৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বিনিয়োগকারীদের আস্থা বাড়ার পাশাপাশি করপোরেট ঘোষণাসমূহ বাজারকে এই ইতিবাচক ধারায় রাখতে সহায়তা করবে।
Posted ২:৪৭ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.