নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | 22 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে সংঘটিত বিভিন্ন ‘কারসাজি’ ও অনিয়ম-দুর্নীতি তদন্তে বস্তুনিষ্ঠতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ রোববার (২৫ অক্টোবর) ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। বৈঠকে বিএসইসির কমিশনার নাফিজ তারিক, নির্বাহী পরিচালক শেখ মাহবুবুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং শেয়ারহোল্ডার পরিচালক মিনহাজ মান্নান ইমন উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, বিএসইসির চেয়ারম্যান মনিটরিং ও তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাজারে যে কোনো অনিয়ম ও কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে তারা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, ডিএসইর তদন্ত প্রতিবেদনে তেমন সারবস্তু থাকে না; তথ্য-উপাত্ত ও প্রমাণের ঘাটতি থাকে। ফলে এসব প্রতিবেদনের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।
বিএসইসি চেয়ারম্যান তদন্ত কাজে বস্তুনিষ্ঠতার প্রতি আরও মনোযোগী হওয়ার তাগিদ দেন। তিনি বলেন, শুধু তদন্তের জন্যই তদন্ত নয়, কিংবা তদন্ত যেন উদ্দেশ্যমূলক না হয়—সে বিষয়েও সজাগ থাকতে হবে।
মাসুদ খান গণহারে লেনদেন ও বিনিয়োগকারীদের তথ্য না চাওয়ার এবং তথ্য চাওয়া হলেও তা যেন বাজারে আতঙ্ক সৃষ্টি না করে সে বিষয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।
Posted ৯:০৬ পিএম | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.