বাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে নতুন সিদ্ধান্ত বিএসইসির

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২৬ | 111 বার পঠিত | প্রিন্ট

বাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে নতুন সিদ্ধান্ত বিএসইসির
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে আগামী মঙ্গলবার (৯ জুন) থেকে কোম্পানি দুটির শেয়ার স্বাভাবিক সার্কিট ব্রেকার ব্যবস্থার আওতায় লেনদেন হবে।

সোমবার (৮ জুন) বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগ এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে। কমিশনের চেয়ারম্যান মো. মাসুদ খান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা নির্দেশনার মাধ্যমে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেনে যে ফ্লোর প্রাইস এবং অন্যান্য শর্ত আরোপ করা হয়েছিল, তা এখন থেকে প্রত্যাহার করা হলো।

Responsive Ad Banner

একই আদেশে কমিশন উল্লেখ করেছে, ২০২১ সালের ১৭ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী শেয়ারবাজারে তালিকাভুক্ত সব সিকিউরিটিজের ক্ষেত্রে প্রচলিত ঊর্ধ্ব ও নিম্ন সার্কিট ব্রেকার সীমা বহাল থাকবে। ফলে অন্য সব শেয়ারের মতো বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের দামও এখন থেকে নির্ধারিত সার্কিট ব্রেকারের সীমার মধ্যে স্বাভাবিকভাবে ওঠানামা করতে পারবে।

বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, বাজারের সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করা এবং দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ২০এ-এর অধীন প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ সময় পর ফ্লোর প্রাইস প্রত্যাহারের ফলে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের প্রকৃত বাজারমূল্য নির্ধারণের সুযোগ তৈরি হবে। এখন থেকে বিনিয়োগকারীদের চাহিদা ও সরবরাহের ভিত্তিতেই শেয়ার দুটির দাম নির্ধারিত হবে, যা বাজারের স্বাভাবিক গতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইসের আওতায় থাকার কারণে এই দুই কোম্পানির শেয়ারের লেনদেন ও মূল্য নির্ধারণে সীমাবদ্ধতা ছিল। নতুন সিদ্ধান্তের ফলে বাজারে এসব শেয়ারের প্রকৃত অবস্থান প্রতিফলিত হওয়ার সুযোগ সৃষ্টি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box

Posted ৫:১২ পিএম | সোমবার, ০৮ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com