নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: টানা চারদিন উত্থানের পর গত সপ্তাহের শেষ কর্মদিবসে স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে গিয়েছিল শেয়ারবাজার। চলতি সপ্তাহে শুরুতে সেই ধারাবাহিকতায় লেনদেন শুরু হলেও তা মিশ্র প্রবণতায় রূপ নেয়। তবে আজ (২১ জুলাই) পুরোপুরি ইতিবাচক ধারায় ফিরেছে বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
ইতিবাচক ধারায় ডিএসই
মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯৮.৯৬ পয়েন্টে। এদিন অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২০.০০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯৪টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারদর।
লেনদেনে উল্লেখযোগ্য বৃদ্ধি
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ১৬২ কোটি ৮৬ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৬৬ কোটি ৬৩ লাখ টাকার।
সিএসইতেও উত্থান
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১১ কোটি ১৫ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৮.৪৮ পয়েন্টে, যা আগের দিন ১০.২৯ পয়েন্ট কমেছিল।
বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক কেটেছে
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান বাজার পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেকটাই স্বাভাবিক ও স্থিতিশীল। তারা মনে করছেন, কখনো টানা উর্ধ্বমুখী আবার কখনো নিম্নমুখী প্রবণতা থাকা বাজারের স্বাভাবিক বৈশিষ্ট্য।
বাজার পরিস্থিতি যাই হোক না কেন, বিনিয়োগকারীদের মধ্যে আর আতঙ্ক নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বরং বাজার পতন দেখলেই তারা শেয়ার বিক্রি কমিয়ে দিচ্ছেন। আবার সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় ব্যাপক হারে লেনদেনে অংশ নিচ্ছেন তারা।
ধসের আশঙ্কা নেই
বাজার সংশ্লিষ্টদের মতে, বাজার পরিস্থিতি যাই হোক ধসের কোনো আশঙ্কা নেই— যা স্পষ্ট। তবে তারপরও বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা।
সরকার-বিএসইসির তৎপরতা
বর্তমানে সরকার ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজার ইস্যুতে অনেক তৎপর রয়েছে। শেয়ারবাজার উন্নয়ন ও স্থিতিশীলতায় নানা পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
ইতিমধ্যে মার্জিন ঋণ ইস্যুতেই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে বিএসইসি, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের প্রভাবেই আজ সূচক ও লেনদেন বেড়েছে।
Posted ৩:১৭ পিএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.