নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে নতুন সপ্তাহের সূচনা হয়েছে সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে। আজ (২০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক উত্থানে আগের আশঙ্কা কেটে যেতে শুরু করেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। তবে অনেকেই এখনো পরিস্থিতি বোঝার জন্য বাজার পর্যবেক্ষণ করছেন। আগামী দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকলে সূচক ও লেনদেনে আবার রেকর্ড হবে। বাজারেও ফিরে আসবে প্রাণচাঞ্চল্য। এই ধারা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থাকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। পতন ঠেকাতে প্রথমেই বাজার মনিটরিং জোরদার করতে হবে। পাশাপাশি এই ধারা ধরে রাখতে ইতিবাচক কার্যকরী পদক্ষেপ ও বাজার সংস্কার করতে হবে। তবেই বাজার স্থায়ীভাবে স্থিতিশীল হবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯২.২০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮.৭৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২০.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২১.১৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৬২টির দর বেড়েছে, ৮০টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৫৫ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৯১ কোটি ৯৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ১৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৪১টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৮.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫৬.১৯ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়েছিল।
Posted ৪:১২ পিএম | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.