নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ মে ২০২৬ | 36 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসি)। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), নিট সম্পদ মূল্য (এনএভি) এবং পরিচালন নগদ প্রবাহ—সবকটিতেই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস প্রায় ৫২ শতাংশ বেড়েছে।
আলোচিত সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৫ কোটি ২২ লাখ ১৪ হাজার ৮৫৭ টাকা, যেখানে ২০২৫ সালের একই সময়ে মুনাফা ছিল ৩ কোটি ২৩ লাখ ৬৯ হাজার ৩৮৭ টাকা। ফলে কোম্পানিটির নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট প্রিমিয়াম আয় হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৩৩৬ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ কোটি ১৮ লাখ ৭২ হাজার ৯৩৫ টাকা। পুনর্বিমা ব্যয় বাদ দিয়ে নিট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ২১ কোটি ৬৮ লাখ ৮৯৫ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৭ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৪৩০ টাকা।
একই সময়ে কোম্পানিটির আন্ডাররাইটিং মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার ৩৩৭ টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১ কোটি ২ লাখ ১ হাজার ৮৫৭ টাকা।
অন্যদিকে, বিনিয়োগ ও অন্যান্য খাত থেকে কোম্পানিটির আয় হয়েছে ৫ কোটি ৭৪ লাখ ১৪ হাজার ৬৩৮ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ২৮ টাকা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পূর্ব মুনাফা দাঁড়িয়েছে ১০ কোটি ৩ লাখ ৫০ হাজার ৪৫৩ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার ৯৮৬ টাকা। এ সময়ে কর সংস্থান বাবদ ব্যয় হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৮৬ টাকা।
আর্থিক অবস্থার দিক থেকেও উন্নতি হয়েছে কোম্পানিটির। ২০২৬ সালের ৩১ মার্চ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৭ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ৩১ টাকা ২৬ পয়সা।
একই সঙ্গে পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭৮ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, এজেন্সি কমিশন কমে যাওয়া, দাবি পরিশোধ ও ব্যবস্থাপনা ব্যয় হ্রাস পাওয়ার কারণে পরিচালন নগদ প্রবাহে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে।
২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ১৯৬ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ১৩৮ কোটি ৩২ লাখ ৪৪ হাজার ৮২৯ টাকা। একই সময়ে শেয়ারহোল্ডারদের ইক্যুইটি বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ১৯৬ টাকা।
Posted ৬:০১ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.