নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি (DUTCHBANGL) ২০২৫ অর্থবছরের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুন ২০২৬ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে ২০২৬।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯.৯৮ টাকা, যা আগের বছরের পুনঃনির্ধারিত ৪.৯০ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বৃদ্ধি পেয়ে ৬২.১৪ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৫৩.৩৯ টাকা (পুনঃনির্ধারিত)।
তবে শেয়ারপ্রতি অপারেটিং নগদ প্রবাহ (এনওসিএফপিএস) নেতিবাচক হয়েছে। ২০২৫ সালে এটি দাঁড়িয়েছে মাইনাস ২.৪৯ টাকা, যেখানে ২০২৪ সালে ছিল ৩৮.১০ টাকা (পুনঃনির্ধারিত)। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত ট্রেডিং সিকিউরিটিজ ক্রয়ের কারণে নগদ প্রবাহে এই হ্রাস দেখা গেছে।
অন্যদিকে, ব্যাংকটির সম্পদের গুণগত মান উন্নত হওয়ায় ইপিএস বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে।
পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকের পরিশোধিত মূলধন বাড়ানো এবং ব্যবসা সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে বোনাস শেয়ার দেওয়া হচ্ছে। এই বোনাস শেয়ার চলতি বছরের মুনাফা থেকে ঘোষণা করা হয়েছে এবং এটি কোনো মূলধন সংরক্ষণ, পুনর্মূল্যায়ন রিজার্ভ বা অবাস্তবায়িত মুনাফা থেকে প্রদান করা হয়নি। পাশাপাশি লভ্যাংশ প্রদানের ফলে রিটেইনড আর্নিংসে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও নিশ্চিত করা হয়েছে।
Posted ৩:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.