ব্রেকিং >>
ব্রেকিং >>

আর্থিক প্রতিবেদনের মান বাড়াতে নতুন ভাবনা, ত্রৈমাসিক রিপোর্ট নিয়ে যা বলল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬ | 10 বার পঠিত | প্রিন্ট

আর্থিক প্রতিবেদনের মান বাড়াতে নতুন ভাবনা, ত্রৈমাসিক রিপোর্ট নিয়ে যা বলল বিএসইসি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা আপাতত বহাল থাকছে। তবে প্রতি তিন মাস অন্তর প্রকাশিত এই প্রতিবেদন এখনকার মতো বিস্তারিত না হয়ে সংক্ষিপ্ত আকারে প্রকাশের বিষয়টি বিবেচনা করছে নিয়ন্ত্রক সংস্থা। একইসঙ্গে, ষান্মাসিক (৬ মাস অন্তর) প্রতিবেদন বিস্তারিতভাবে প্রকাশের বাধ্যবাধকতা আরোপ করা হতে পারে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ত্রৈমাসিক প্রতিবেদন বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। বরং কমিশন আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা, গুণগত মান ও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, বাজারস্থিতিশীলতা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য এই উদ্যোগ অত্যন্ত জরুরি।

Responsive Ad Banner

ওই কর্মকর্তা আরও জানান, আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে কমিশন। পাশাপাশি, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের সঙ্গেও সমন্বয় বাড়ানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২ জুলাই ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত এক অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের বক্তব্য ঘিরে ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। সেখানে তিনি তালিকাভুক্ত কোম্পানির ওপর থেকে চাপ কমাতে বিস্তারিত ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা প্রত্যাহারের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার কথা বলেন এবং আইএএস ৩৪ অনুসরণে আগ্রহ প্রকাশ করেন।

চেয়ারম্যান সংক্ষিপ্ত প্রতিবেদনের গুরুত্ব দিলেও অধিকাংশ গণমাধ্যমে ‘ত্রৈমাসিক প্রতিবেদন বাতিল’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে বিএসইসির ওই কর্মকর্তা অর্থসূচককে বলেন, ‘চেয়ারম্যান মহোদয় ত্রৈমাসিক প্রতিবেদন বাতিল নয়, বরং আইএএস অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশের ওপর গুরুত্ব দিয়েছেন।’ তিনি বলেন, আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের (আইএএস) ৩৪ নাম্বার অনুচ্ছেদে সংক্ষিপ্ত আর্থিক বিবৃতির কথা বলা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ বিষয়ে ভিন্নতা রয়েছে এবং যুক্তরাজ্যের মতো দেশে বাধ্যবাধকতা প্রত্যাহার করলেও কোম্পানিগুলো স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আপডেট রাখতে স্বেচ্ছায় ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করছে।

সিদ্ধান্ত গ্রহণের আগে সব পক্ষের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ৪:৫৫ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com