নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ মে ২০২৬ | 81 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিকভাবে দুর্বল তিন কোম্পানির সার্বিক কার্যক্রম তদন্তের উদ্যোগ নিয়েছেঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই। এ বিষয়ে অনুসন্ধানমূলক পরিদর্শন পরিচালনার জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।
পরিদর্শনের আওতায় আনা হয়েছে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড এবং লিব্রা ইনফিউশন লিমিটেড-কে। বর্তমানে কোম্পানি তিনটি শেয়ারবাজারের ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে। ডিএসইর আবেদনের পর কমিশন এসব প্রতিষ্ঠানের আর্থিক ও পরিচালন কার্যক্রম পর্যালোচনার অনুমতি দেয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, পরিচালন পরিস্থিতি, শেয়ার লেনদেনের ধরন এবং বিনিয়োগকারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তদন্তে গুরুত্ব পাবে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে শেয়ারদরের অস্বাভাবিক ওঠানামার কারণও খতিয়ে দেখা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস ও এএফসি অ্যাগ্রো বায়োটেক টানা তিন বছর ধরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। পাশাপাশি কোম্পানি দুটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার না থাকায় বিএসইসির নির্দেশনাও প্রতিপালিত হচ্ছে না। যদিও আর্থিক দুর্বলতা রয়েছে, তবুও চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানি দুটির শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে।
অন্যদিকে, লিব্রা ইনফিউশন গত চার বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। যদিও কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে সম্মিলিতভাবে ৩০ শতাংশের বেশি শেয়ার রয়েছে, তারপরও গত এক মাসে প্রতিষ্ঠানটির শেয়ারদরে ধারাবাহিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, তিন কোম্পানির ওপর অনুসন্ধানমূলক পরিদর্শনের বিষয়ে ডিএসইর একাধিক আবেদন কমিশনের বিবেচনায় আসে। এসব আবেদন পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ওপর তদন্ত কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.