নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: অগ্রাধিকারমূলক শেয়ার (প্রেফারেন্স শেয়ার) ইস্যুর বিষয়ে আগের সিদ্ধান্ত সংশোধন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ পিএলসি । কোম্পানিটির পর্যাপ্ত ইক্যুইটি সক্ষমতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সর্বোচ্চ ২৮৫ কোটি টাকার অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর নতুন সুপারিশ করেছে। গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটি প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ২৮ কোটি ৫০ লাখ অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করবে। এসব শেয়ারের মোট মূল্য হবে সর্বোচ্চ ২৮৫ কোটি টাকা, যা ইউরোর হিসাবে ২ কোটি ইউরোর সমপরিমাণ। তবে অর্থ গ্রহণের তারিখে ইউরোর বিপরীতে টাকার বিনিময় হার অনুযায়ী চূড়ান্ত টাকার পরিমাণ নির্ধারণ করা হবে।
এর আগে গত ২৭ অক্টোবর ডিএসইর মাধ্যমে প্রচারিত কোম্পানিটির মূলধন বৃদ্ধি-সংক্রান্ত ঘোষণার পরিপ্রেক্ষিতে এ সংশোধনী আনা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে গত ২৬ অক্টোবর প্রকাশিত আগের মূল্য সংবেদনশীল তথ্যেও (পিএসআই) সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
কোম্পানিটি জানিয়েছে, আগের পিএসআইতে প্রকাশিত অন্যান্য সব সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।
এদিকে, নতুন প্রস্তাব অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা নয়, বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে দুপুর ২টা ৩০ মিনিটে সভাটি অনুষ্ঠিত হবে।
সভাটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হবে। এতে সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও অংশগ্রহণের সুযোগ থাকবে। সরাসরি উপস্থিতির স্থান নির্ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের (বিএসইজেড) সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্ট।
ডিজিটাল মাধ্যমে সভায় অংশগ্রহণের জন্য নির্ধারিত লিংক হলো: https://singeregm.bdvirtual.com।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সংশোধিত সুপারিশ অনুযায়ী, পর্যাপ্ত ইক্যুইটি সক্ষমতা বিবেচনায় নিয়ে আগের প্রস্তাবের পরিবর্তে সর্বোচ্চ ২৮৫ কোটি টাকার অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১৫ ডিসেম্বরের বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সামনে প্রস্তাবটি উপস্থাপন করা হবে।
Posted ১১:৪২ এএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.