নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে টানা দরপতনে সূচক ও লেনদেন তলানিতে গিয়ে ঠেকেছে, যা বর্তমান সরকারের আমলে বিনিয়োগকারীরা প্রত্যাশা করেননি। ইতিমধ্যে বাজার নিয়ন্ত্রণে বর্তমান কমিশনের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, দিন যতই পার হচ্ছে, এই ব্যর্থতার দায়ও ততই বাড়ছে।
তাদের অভিমত, বর্তমান বাজার পরিস্থিতি দেখেই প্রমাণ হচ্ছে যে বর্তমান কমিশন বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি অযোগ্য। যত দ্রুত সম্ভব তাদের অপসারণ করা জরুরি। অন্যথায় দেশের শেয়ারবাজার ধ্বংস হবে। এ বাজারে কেউ নতুন করে বিনিয়োগ করবেন না; বরং নতুন বিনিয়োগকারীর সংখ্যা না বেড়ে কমে যাবে। সব কিছুরই একটি সীমা আছে, কিন্তু বর্তমান বাজারে সীমাহীন দরপতন ঘটছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আস্থা সংকট তৈরি করছে। সরকারের উচিত বর্তমান কমিশনকে দ্রুত অপসারণ করে যোগ্য ও দক্ষ নতুন কমিশন গঠন করা। অন্যথায় শেয়ারবাজার ধ্বংস হয়ে যাবে। বাজারের এমন অবস্থা যদি ফ্যাসিস্ট সরকারের আমলে হতো, তাহলেও তা মেনে নেওয়া যেত। কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে এমন নেতিবাচক পরিস্থিতি মেনে নেওয়া যায় না। তাই সরকারের উচিত বিনিয়োগকারীদের স্বার্থে বাজার উন্নয়নের জন্য কমিশনকে ঢেলে সাজানো।
এদিকে, আজ (১৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৫০ পয়েন্ট কমে ৫ হাজার ৪২২.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৭২ পয়েন্ট কমে ১ হাজার ৬৮.৬৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৪.৫৪ পয়েন্ট কমে ২ হাজার ৮৫.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০২টির দর বেড়েছে, ২১৭টির দর কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩৬৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৩১৭ কোটি ৩৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪৮ কোটি ২৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬.১৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৩৭.০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সিএএসপিআই ৩.৩৪ পয়েন্ট কমেছিল।
Posted ৩:১৮ পিএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.