নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (আইন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সফিকুল ইসলাম। এছাড়া নন-লাইফ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুল আহসান। দুজনকেই আগামী ৩ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। গতকাল শনিবার (১৭ অক্টোবর) উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এই দুজনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেছেন।
এতে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(২) অনুযায়ী মো. সফিকুল ইসলামকে এই নিয়োগ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে দায়িত্বভার গ্রহণের পূর্বে তাকে অন্য যে কোনো প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে থাকা সব কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (আইন) পদে দায়িত্ব পালন করেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল। ২০২৪ সালের ২ ডিসেম্বর তিনি এ পদে যোগ দেন এবং গত ২২ সেপ্টেম্বর পদত্যাগ করেন।
কামরুল আহসানের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(২) অনুযায়ী তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছর মেয়াদে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর আইডিআরএ সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক পদত্যাগ করেন। তিনি গত বছরের ২ ডিসেম্বর তিন বছরের জন্য আইডিআরএর সদস্য হিসেবে নিয়োগ পান। তবে এক বছর পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেন।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের নির্দেশে আইডিআরএর চার সদস্য ২০২৪ সালের ৭ নভেম্বর পদত্যাগ করেন। পদত্যাগকারী চার সদস্য ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, মো. দলিল উদ্দিন, মো. নজরুল ইসলাম ও কামরুল হাসান।
এরপর ওই বছরের ২ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সদস্য (লাইফ), সদস্য (নন-লাইফ), সদস্য (প্রশাসন) ও সদস্য (আইন) পদে চারজনকে নিয়োগ দেয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর অথবা ৬৭ বছর বয়স—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তাদের নিয়োগ বহাল থাকার কথা।
নিয়োগ পাওয়া চার সদস্যের মধ্যে সদস্য (লাইফ) পদে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, সদস্য (নন-লাইফ) পদে মেঘনা ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সদস্য (প্রশাসন) পদে সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক এবং সদস্য (আইন) পদে সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল নিয়োগ পান।
Posted ৯:৪১ পিএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.