আমানতকারীদের অর্থ ফেরতে ৭ হাজার কোটি টাকার ঋণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | 47 বার পঠিত | প্রিন্ট

আমানতকারীদের অর্থ ফেরতে ৭ হাজার কোটি টাকার ঋণ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: তারল্যসংকটে থাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা পাচ্ছে ব্যাংকটি। তবে দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা ন্যাশনাল ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে এই বিপুল অঙ্কের ঋণ পরিশোধ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ঋণ পরিশোধে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ন্যাশনাল ব্যাংকের তীব্র তারল্যসংকট এবং আমানতকারীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

Responsive Ad Banner

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত আলী খানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের বকেয়া অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা সহজ করতে ৭ হাজার কোটি টাকা ছাড়ের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। গ্রাহকদের জমা অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকটির নগদ অর্থের সংকট মোকাবিলা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের উপস্থিতিতে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্দেশনা দেওয়া হয়, কোনো গ্রাহক টাকা তুলতে এলে তাঁকে কোনো অবস্থাতেই খালি হাতে ফেরত পাঠানো যাবে না। গ্রাহকের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ অর্থ পরিশোধের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংকের আর্থিক সংকট থাকলেও গ্রাহকদের ব্যক্তিগত প্রয়োজন থেমে থাকে না। তাই নানা অজুহাতে গ্রাহকদের অর্থ পরিশোধে গড়িমসি করার সুযোগ নেই। প্রয়োজনে ঋণ নিয়ে হলেও আমানতকারীদের পাওনা পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, অতীতে কয়েকটি ব্যাংকে প্রভাবশালী সুবিধাভোগী ও কর্মকর্তাদের স্বজনদের অগ্রাধিকার দিয়ে সাধারণ গ্রাহকদের বঞ্চিত করার অভিযোগ উঠেছিল। ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে এ ধরনের বৈষম্য কোনোভাবেই গ্রহণ করা হবে না। সব গ্রাহককে সমানভাবে তাঁদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

তবে অন্য ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে আমানতকারীদের অর্থ পরিশোধের পরিকল্পনা বাস্তবায়ন কতটা সম্ভব, তা নিয়ে ব্যাংকিং খাতে উদ্বেগ রয়েছে। ইতোমধ্যে মূলধনসংকটে থাকা একটি ব্যাংকের পক্ষে নতুন করে নেওয়া এত বড় অঙ্কের ঋণ নির্ধারিত সময়ে পরিশোধ করা কঠিন হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে আমানতকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন চালুর লক্ষ্য নির্ধারণ করেছে ন্যাশনাল ব্যাংক। এ লক্ষ্যে গত ১১ অক্টোবর থেকেই ব্যাংকটির বিভিন্ন শাখায় গ্রাহকদের কাছ থেকে অর্থ উত্তোলনের লিখিত আবেদন গ্রহণ শুরু হয়েছে।

ব্যাংকটির পরিকল্পনা অনুযায়ী, গ্রাহকেরা শাখার কাউন্টারের পাশাপাশি এটিএম বুথ, মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও অর্থ উত্তোলন করতে পারবেন। তবে সব গ্রাহকের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত নগদ অর্থের জোগান নিশ্চিত করাই ব্যাংকটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে সাময়িকভাবে আমানতকারীদের অর্থ পরিশোধ করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ন্যাশনাল ব্যাংককে খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে নিজস্ব তহবিলের সংস্থান বাড়ানোও জরুরি। অন্যথায় আমানতকারীদের অর্থ ফেরতের চাপ সামাল দিতে গিয়ে ব্যাংকটির ঋণের বোঝা আরও বাড়তে পারে এবং আর্থিক ঝুঁকি আরও গভীর হতে পারে।

Facebook Comments Box

Posted ১১:০৪ এএম | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com