ব্রেকিং >>
ব্রেকিং >>

বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | 14 বার পঠিত | প্রিন্ট

বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মতি জানিয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে পর্ষদ থেকে বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

এ বিষয়ে সম্প্রতি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে চিঠি দিয়েছে বেক্সিমকো ফার্মা। চিঠিতে সালমান এফ রহমানের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সম্মতির কথা জানানো হয়েছে।

Responsive Ad Banner

কোম্পানিটি বিএসইসিকে জানিয়েছে, সালমান এফ রহমানের কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীরা যাতে ক্ষতির সম্মুখীন না হন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হয়েছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে বেক্সিমকো যে প্রতিকূলতার মধ্যে পড়েছে, সেটিও তার এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সালমান এফ রহমানকে বাদ দিয়ে যে নতুন পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে, সেখানে উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, স্বতন্ত্র পরিচালক চারজন, আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে মনোনীত একজন পরিচালক এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে রাখার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও কোম্পানিটিকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে।

বিদেশি বিনিয়োগকারীদেরও সম্মতি

দেশের শেয়ারবাজারের পাশাপাশি বেক্সিমকো ফার্মা লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও তালিকাভুক্ত। এ কারণে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে কোম্পানিটিকে লন্ডন স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট নিয়মকানুনও মেনে চলতে হবে।

জানা গেছে, কোম্পানির বিদেশি বিনিয়োগকারীরাও ব্যবসা ও কোম্পানির স্বার্থ বিবেচনায় সালমান এফ রহমানকে পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন।

বিএসইসি সূত্রে জানা গেছে, নতুন পর্ষদ পুনর্গঠনের সময় বিদেশি শেয়ারধারীদের একজন প্রতিনিধিকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছিল কমিশন। তবে বিদেশি বিনিয়োগকারীরা এতে সম্মতি দেননি। ফলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে নতুন পর্ষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

লন্ডন স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তিকে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়ার আগে তার বিষয়ে যথাযথ যাচাই-বাছাই সম্পন্ন করতে হয়। এ যাচাই প্রক্রিয়া শেষ করতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে বেক্সিমকো ফার্মার দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ব্যবসা ও সুনাম রক্ষায় সিদ্ধান্ত

শেয়ারবাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বেক্সিমকো ফার্মা দেশের ওষুধ খাতের একটি ভালো কোম্পানি। তবে সালমান এফ রহমানের মালিকানা ও প্রভাবের কারণে সাম্প্রতিক সময়ে কোম্পানিটির ব্যবসা ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাদের ধারণা, সালমান এফ রহমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালে বেক্সিমকো ফার্মার ব্যবসা ও সুনাম পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে পারে।

২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান এফ রহমান গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

প্রথম প্রান্তিকে মুনাফা ২২২ কোটি টাকা

বেক্সিমকো ফার্মার সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি ২২২ কোটি টাকা মুনাফা করেছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে, গত বছরের জুনে সমাপ্ত হিসাব অনুযায়ী কোম্পানিটির মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা।

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মার উদ্যোক্তাদের হাতে কোম্পানিটির ৩০ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে। উদ্যোক্তাদের মধ্যে সালমান এফ রহমানও রয়েছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৬৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৯০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।

সালমান এফ রহমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন পরিচালনা পর্ষদ গঠিত হলে কোম্পানিটির মালিকানা কাঠামো অপরিবর্তিত থাকবে। তবে পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

Facebook Comments Box

Posted ১১:৪৩ এএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com