ব্রেকিং >>
ব্রেকিং >>

বাজার স্থিতিশীল করতে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠক ডিএসইর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | 18 বার পঠিত | প্রিন্ট

বাজার স্থিতিশীল করতে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠক ডিএসইর
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে চলমান মন্দাভাব, ধারাবাহিক দরপতন এবং বিনিয়োগকারীদের আস্থার সংকট মোকাবিলায় শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ডিএসই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে বিক্রির চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় লেনদেনেও স্থবিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাজারের সার্বিক অবস্থা সম্পর্কে শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণ ও মতামত জানতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

Responsive Ad Banner

বৈঠকে সাম্প্রতিক দরপতনের কারণ, বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক, লেনদেন কমে যাওয়ার পেছনের কারণ এবং বাজারের তারল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে ব্রোকারদের মতামতও নেওয়া হবে।

সম্প্রতি দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। গত ৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক দিনেই ১০৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে নেমে আসে। ওই দিন আগের দিনের তুলনায় লেনদেন প্রায় ২৪ শতাংশ কমে ৫৪৫ কোটি টাকার কাছাকাছি দাঁড়ায়।

এর আগে বাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ডিএসই ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সদস্যদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে বাজারের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা, স্বাভাবিক লেনদেন নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের বিষয়গুলো গুরুত্ব পায়।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, আসন্ন বৈঠকে শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরবেন। বিশেষ করে সাম্প্রতিক দরপতনের পেছনে কোন কোন কারণ কাজ করছে এবং বিনিয়োগকারীদের আচরণে কী ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, সে বিষয়ে তারা মতামত দিতে পারেন।

এ ছাড়া বাজারে তারল্যের বর্তমান অবস্থা, লেনদেন বাড়ানোর সম্ভাব্য উপায় এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ডিএসইর পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সেসব বিষয়ও আলোচনায় স্থান পেতে পারে।

বাজারসংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে আস্থার সংকট তৈরি হলে এর প্রভাব দ্রুত লেনদেন ও সূচকের ওপর পড়ে। ফলে শুধু কোনো একটি পক্ষের উদ্যোগে এমন পরিস্থিতির উন্নতি করা কঠিন। এ জন্য স্টক এক্সচেঞ্জ, নিয়ন্ত্রক সংস্থা, ব্রোকারেজ প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ পরিস্থিতিতে শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডিএসইর বৈঠককে বাজারের চলমান সংকটের কারণ চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধানের পথ খোঁজার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বৈঠক থেকে বাজার স্থিতিশীল করতে কার্যকর কোনো সুপারিশ বা উদ্যোগ আসে কি না, এখন সেদিকেই নজর রাখছেন বাজারসংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box

Posted ৮:২১ পিএম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com