ব্রেকিং >>
ব্রেকিং >>

আমরা নেটওয়ার্কের আয় ও নগদ প্রবাহে বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | 4 বার পঠিত | প্রিন্ট

আমরা নেটওয়ার্কের আয় ও নগদ প্রবাহে বড় ধাক্কা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কের  চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে ব্যবসায়িক কার্যক্রম ও নগদ প্রবাহে উল্লেখযোগ্য অবনতি হয়েছে। বিক্রয় কমে যাওয়া, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং গ্রাহকদের কাছ থেকে নগদ আদায় কমে যাওয়ায় কোম্পানিটির মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বড় ধরনের চাপের মুখে পড়েছে। একই সঙ্গে সরবরাহকারী ও কর্মীদের অর্থ পরিশোধ বেড়ে যাওয়ায় পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহও (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আমরা নেটওয়ার্কের  শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ঋণাত্মক ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএসে বড় অবনতি হয়েছে।

Responsive Ad Banner

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৫৫ পয়সা, যেখানে ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে এটি ছিল ২৭ পয়সা। অন্যদিকে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৯৫ পয়সা। ২০২৫ সালের ৩০ জুনে এনএভি ছিল ৩৬ টাকা ১৪ পয়সা।

কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বিক্রয় উল্লেখযোগ্যভাবে কমেছে। যদিও পরিচালন ও আর্থিক ব্যয় অনুকূল ছিল, তারপরও বিক্রয় কমে যাওয়ার কারণে নিট মুনাফা এবং শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

নগদ প্রবাহের ক্ষেত্রেও একই সময়ে ভিন্ন চিত্র দেখা গেছে। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় সরবরাহকারী ও কর্মীদের পরিশোধ করা নগদ অর্থ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিপরীতে গ্রাহক ও অন্যান্য উৎস থেকে পাওয়া নগদ অর্থ কমেছে। ফলে কোম্পানিটির এনওসিএফপিএস উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

দ্বিতীয় প্রান্তিকেও আয় ও নগদ প্রবাহে পতন

২০২৫ সালের অক্টোবর-ডিসেম্বর দ্বিতীয় প্রান্তিকে আমরা নেটওয়ার্কের  ইপিএস হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা। এ হিসাবে দ্বিতীয় প্রান্তিকেও কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে।

চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর ছয় মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ঋণাত্মক ৯ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ৬৩ পয়সা।

ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৫৭ পয়সা। ২০২৪ সালের জুলাই-ডিসেম্বর সময়ে এনওসিএফপিএস ছিল ৬২ পয়সা।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬ পয়সা। ২০২৫ সালের ৩০ জুনে এ এনএভি ছিল ৩৬ টাকা ১৪ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলের ব্যাখ্যায় কোম্পানিটি জানিয়েছে, রাজস্ব কমে যাওয়ার কারণে মুনাফা হ্রাসের প্রবণতা অব্যাহত ছিল। যদিও আর্থিক ব্যয় কমেছে এবং পরিচালন ব্যয় মোটামুটি স্থিতিশীল ছিল, তারপরও রাজস্ব কমে যাওয়ায় মুনাফা কমেছে। এর ফলে ইপিএসে উল্লেখযোগ্য পতন হয়েছে।

এদিকে, পরিচালন ও আর্থিক ব্যয় কমে এলেও গ্রাহক ও অন্যান্য উৎস থেকে পাওয়া নগদ অর্থ উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময়ে সরবরাহকারী ও কর্মীদের দেওয়া নগদ অর্থ ব্যাপকভাবে বেড়েছে। এসব কারণে নগদ প্রবাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে এবং আগের বছরের একই সময়ের তুলনায় এনওসিএফপিএস তীব্রভাবে কমেছে।

তৃতীয় প্রান্তিকে লোকসান, ৯ মাসে ইপিএস ঋণাত্মক

২০২৬ সালের জানুয়ারি-মার্চ তৃতীয় প্রান্তিকে আমরা নেটওয়ার্কের  ইপিএস হয়েছে ঋণাত্মক ৩৫ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে ইপিএস ছিল ১৪ পয়সা।

চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ঋণাত্মক ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭৭ পয়সা।

নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৫৫ পয়সা। আগের বছরের জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫ সময়ে এনওসিএফপিএস ছিল ১ টাকা ৫ পয়সা।

২০২৬ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭০ পয়সা। ২০২৫ সালের ৩০ জুনে এ এনএভি ছিল ৩৬ টাকা ১৪ পয়সা।

তৃতীয় প্রান্তিকের ফলাফলের বিচ্যুতির কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বিক্রয়ে ব্যাপক পতন হয়েছে। এর পাশাপাশি পরিচালন ব্যয়ও বেড়েছে। ফলে কোম্পানিটির নিট মুনাফা নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে এবং শেয়ারপ্রতি আয় ব্যাপকভাবে কমেছে।

নগদ প্রবাহের ক্ষেত্রেও বড় ধরনের অবনতি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় গ্রাহকদের কাছ থেকে আদায় করা নগদ অর্থ উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে সরবরাহকারীদের অর্থ পরিশোধ এবং পরিচালন ব্যয় বেড়েছে। এসব কারণে কোম্পানির পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে এবং এনওসিএফপিএস ব্যাপকভাবে কমে গেছে।

সব মিলিয়ে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এআমরানেটের বিক্রয় ও মুনাফার ওপর চাপ তৈরি হওয়ার পাশাপাশি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহও ঋণাত্মক অবস্থায় চলে গেছে। ফলে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আর্থিক কার্যক্রমে উল্লেখযোগ্য অবনতি দেখা দিয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৫ এএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com