নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : টানা পতনের পর অবশেষে স্বস্তি ফিরেছে দেশের শেয়ারবাজারে। আজ (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ তৈরি করেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গৃহীত নানা উদ্যোগে বাজার আস্থা ফিরে পেয়েছে। বিএসইসির নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজারকে স্থিতিশীল রাখতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাজার মনিটরিং জোরদার করতে ১০০টি ব্রোকারেজ হাউস পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গতকাল গণমাধ্যমে এই খবর প্রকাশ পেলে আজ লেনদেন শুরুতেই সূচকের উর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, যা দিন শেষ পর্যন্ত অব্যাহত ছিল। বিনিয়োগকারীদের অংশগ্রহণ ব্যাপক বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, এই ধারা অব্যাহত থাকলে চলতি সপ্তাহেই ডিএসই সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করবে এবং লেনদেনও নতুন রেকর্ড গড়বে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৯.৭৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৮.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫.৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১.৫৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৯৯টির দর বেড়েছে, ৫৩টির দর কমেছে এবং ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইতে প্রায় ৮৭২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৭৮০ কোটি ৬৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৯১ কোটি ৪৫ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৫ কোটি ১৫ লাখ টাকার।
সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৫.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬০৪.১৪ পয়েন্টে। উল্লেখ্য, আগের দিন সূচকটি ১৪১.৯১ পয়েন্ট কমেছিল।
Posted ২:৫৯ পিএম | সোমবার, ২৭ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.