নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত সমন্বিত (কনসোলিডেটেড) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির ঘাটতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একইসঙ্গে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণও বেড়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
কোম্পানির সমন্বিত লাইফ রেভিনিউ অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে মোট আয়ের তুলনায় দাবি (ক্লেইম) ও অন্যান্য ব্যয় বেশি থাকায় ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা ঘাটতি হয়েছে। অপরদিকে, ২০২৫ সালের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ২০ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা, যা এ বছর অনেকটাই কমেছে।
এছাড়া, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ছয় মাসের হিসাবে দাবি-ব্যয় মোট আয়কে ছাড়িয়ে যাওয়ায় কোম্পানির ঘাটতি দাঁড়িয়েছে ৫৯ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা। আগের বছর একই সময়ে এই ঘাটতি ছিল ৯৫ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা, অর্থাৎ অর্ধবর্ষে ঘাটতি কমেছে প্রায় ৩৫ কোটি টাকার বেশি।
অপরদিকে, কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের অবস্থার দিকে নজর দিলে দেখা যায়, ২০২৬ সালের ৩০ জুন এ তহবিলের স্থিতি দাঁড়িয়েছে ৬৭৯ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা। গত বছর একই তারিখে যা ছিল ৬৫৪ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট বৃদ্ধি হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা, যা কোম্পানির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
Posted ১২:৫৪ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.