নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ মে ২০২৬ | 32 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকগুলোর মূলধনভিত্তি মজবুত করতে ক্যাশ ডিভিডেন্ড বিতরণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংকের পরিশোধিত মূলধন (পেইড-আপ ক্যাপিটাল) ২ হাজার কোটি টাকার নিচে, তারা চলতি বছর থেকে কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।
শনিবার (২৩ মে) এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়েছে, দেশীয় এবং আন্তর্জাতিক অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানোর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, যেসব ব্যাংক বিদ্যমান নিয়মের অধীনে নগদ লভ্যাংশ দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে, তারা মোট লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ ক্যাশ হিসেবে বিতরণ করতে পারবে। বাকি অংশ স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) আকারে দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নির্দেশনা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাববছর ও পরবর্তী সময়ের লভ্যাংশ ঘোষণায় প্রযোজ্য হবে। তবে ২০২৫ সালের ১৩ মার্চ জারি করা অন্যান্য সংশ্লিষ্ট নির্দেশনা আগের মতো বহাল থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। লভ্যাংশের একটি অংশ ধরে রেখে ব্যাংকগুলো যাতে নিজেদের মূলধন আরও শক্তিশালী করতে পারে, এ নীতিমালার মূল উদ্দেশ্য সেটিই।
Posted ৮:৪১ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.