নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | 16 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৭ মে ২০২৬ অনুষ্ঠিত ১৫২তম সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জন্য শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৩ পয়সা এবং শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৩ আগস্ট ২০২৬ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের লিংক পরবর্তীতে কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জুন ২০২৬। রেকর্ড ডেটে যেসব শেয়ারহোল্ডারের নাম কোম্পানির সদস্য নিবন্ধন খাতা ও সিডিবিএল রেকর্ডে থাকবে, তারাই এজিএমে অংশগ্রহণ ও ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন।
এজিএমে ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষক প্রতিবেদনের অনুমোদনের পাশাপাশি ২০২৬ সালের জন্য স্ট্যাটিউটরি অডিটর, করপোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স অডিটর এবং ইন্স্যুরারস করপোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হবে।
এছাড়া কোম্পানির সংঘবিধি অনুযায়ী পরিচালক নির্বাচন বা পুনর্নির্বাচনের বিষয়ও এজিএমের আলোচ্যসূচিতে রয়েছে। পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন ২০২৬ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২ জুলাই ২০২৬। আগামী ৯ জুলাই পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে একজন পরিচালক নির্বাচিত হবেন।
Posted ৬:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.