নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | 31 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি ফিরিয়ে আনা এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঋণের সুদের হার ও নীতি সুদহার ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর সভাপতি তাসকীন আহমেদ।
রোববার বাংলাদেশ সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী–এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
সাক্ষাতে তাসকীন আহমেদ বলেন, অনেক উদ্যোক্তা অনিচ্ছাকৃত কারণে ঋণখেলাপি হয়ে পড়েছেন। এ ধরনের গ্রাহকদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধা নতুন করে পর্যালোচনা করা এবং ঋণ শ্রেণিকরণের সময়সীমা বাড়ানো এখন সময়ের দাবি। এতে ব্যবসায়ীদের জন্য আর্থিক চাপ কিছুটা কমবে এবং বিনিয়োগ পরিবেশ উন্নত হবে বলে তিনি উল্লেখ করেন।
ডিসিসিআই সভাপতি আরও বলেন, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। পাশাপাশি অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া জরুরি। তার মতে, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য একটি শক্তিশালী ও কার্যকর আর্থিক খাত গড়ে তোলা অপরিহার্য। এজন্য ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
ব্যবসায়িক নেতার বক্তব্যের প্রেক্ষিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি খাতের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও জানান, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে দেশের শেয়ারবাজারকে আরও কার্যকর ও গতিশীল করতে এবং কেন্দ্রীয় ব্যাংককে বেসরকারি খাতবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
সাক্ষাৎকালে ডিসিসিআই-এর ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী এবং সহসভাপতি মো. সালিম সোলায়মান উপস্থিত ছিলেন। আলোচনায় একটি টেকসই ও স্থিতিশীল আর্থিক কাঠামো গড়ে তোলার মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন।
Posted ১১:১০ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.