নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: সূচকের ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন সম্পন্ন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকা।
এ সময় ডিএসইর সব সূচকই ঊর্ধ্বমুখী ছিল। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪১ দশমিক ৭৫ পয়েন্ট বা ০ দশমিক ৭৯ শতাংশ। ডিএসই-৩০ সূচক বৃদ্ধি পেয়েছে ২৪ দশমিক ৭১ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ। এছাড়া ডিএসইএস সূচক সামান্য বেড়ে হয়েছে দশমিক ২১ পয়েন্ট বা ০ দশমিক ০২ শতাংশ।
লেনদেনের পরিমাণেও দেখা গেছে উল্লম্ফন। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ৩ হাজার ২৭৩ কোটি ১৬ লাখ টাকা। ফলে এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ২৪১ কোটি ৭ লাখ টাকা।
প্রতিদিনের গড় লেনদেনও বেড়েছে। চলতি সপ্তাহে প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৮১৮ কোটি ২৯ লাখ টাকা। অর্থাৎ গড়ে প্রতিদিন লেনদেন বেড়েছে ৮৪ কোটি ৫৫ লাখ টাকা বা ১০ দশমিক ৩৩ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দর।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। সিএএসপিআই ও সিএসসিএক্স সূচক যথাক্রমে ০ দশমিক ৪৭ শতাংশ ও ০ দশমিক ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪,৮৩১ দশমিক ৭২ পয়েন্ট ও ৯,০৯২ দশমিক ৮০ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ০ দশমিক ৬৬ শতাংশ এবং সিএসই-৫০ সূচক ০ দশমিক ০৯ শতাংশ বেড়ে যথাক্রমে ১৩,০৬২ দশমিক ০৯ পয়েন্ট ও ১,১১৩ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসআই সূচক সামান্য ০ দশমিক ০৮ শতাংশ কমে ৮৯৭ দশমিক ০৬ পয়েন্টে নেমে এসেছে।
লেনদেনের চিত্রে সিএসইতে কিছুটা ভাটা লক্ষ্য করা গেছে। সপ্তাহজুড়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে ছিল ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা। ফলে এক সপ্তাহে লেনদেন কমেছে ৯৫ কোটি ৭০ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।
Posted ৭:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.