নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ জুন ২০২৬ | 22 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দ্বিতীয় কর্মদিবসে পতনের মুখ দেখেছে প্রধান সূচক। সোমবার (২২ জুন) লেনদেনের শেষ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৫.৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৪.১৭ পয়েন্টে নেমে এসেছে। একইদিন লেনদেনের অঙ্কও কমেছে প্রায় ১২৬ কোটি ৩৭ লাখ টাকা। পাশাপাশি দর কমেছে ৩১৯টি প্রতিষ্ঠানের।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত ক্রয়চাপে সূচক উত্থিত হয়েছিল এবং বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছিল। কিন্তু সাম্প্রতিক সেই উত্থান থেকে বিনিয়োগকারীরা এখন তাদের কেনা শেয়ার বিক্রি করে মুনাফা তুলতে শুরু করেছেন, যা এই পতনের মূল কারণ। তবে তাঁদের মতে, এই পতনকে ধস হিসেবে দেখার কোনো কারণ নেই। বরং বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি যে দৃঢ় আস্থা রয়েছে, তা আজকের লেনদেনের চিত্রেও প্রতিফলিত হয়েছে। তাঁরা মনে করছেন, সূচক কমলেও বিক্রির চাপে লেনদেন বাড়েনি—যা ইতিবাচক লক্ষণ। কারণ অধিকাংশ বিনিয়োগকারীই শেয়ার ধরে রেখেছেন, যা বর্তমান বাজার পরিস্থিতিকে স্থিতিশীল রেখেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর অন্য দুটি সূচকের মধ্যেও পতন ঘটেছে। ডিএসইএস সূচক ১৯.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২৯.৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৫.৫০ পয়েন্ট কমে ২ হাজার ১১০.০৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৬টির, বিপরীতে কমেছে ৩১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর।
আর্থিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে প্রায় ৮৭৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ১ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭.৭৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৭১.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে, যদিও আগের দিন এটি কমেছিল ১০৪.৩০ পয়েন্ট। এদিন সিএসইতে ৭৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩০ কোটি ৪০ লাখ টাকার তুলনায় বেড়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
Posted ২:৪৭ পিএম | সোমবার, ২২ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.