নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ জুন ২০২৬ | 16 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারকে আরও কার্যকর, গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে সহজ, স্বচ্ছ ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলাই হবে কমিশনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান।
রোববার (৭ জুন) বিএসইসি কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। নবনিযুক্ত চেয়ারম্যান ও তিন কমিশনারকে অভিনন্দন জানাতে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা বিএসইসি কার্যালয়ে সাক্ষাৎ করেন।
আইপিও, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনার উদ্যোগ
বৈঠকে মাসুদ খান জানান, সম্প্রতি প্রণীত আইপিও, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে পুঁজিবাজারের কার্যক্রমে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নিশ্চিত করা এবং আইপিও প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার পদক্ষেপ নেওয়া হবে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বাজারের সব অংশীজনের সহযোগিতায় স্বচ্ছ, জবাবদিহিমূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে কমিশন কাজ করবে।
পুঁজিবাজার সংস্কারে ডিএসইর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস
বৈঠকে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে কাঙ্ক্ষিত ও মৌলিক সংস্কার বাস্তবায়নে ডিএসই বোর্ড ও ব্যবস্থাপনা সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি আইপিও মূল্যায়ন ও বাজার তদারকিতে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ঝুঁকিভিত্তিক (রিস্ক-বেইজড) নিয়ন্ত্রক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
দায়িত্ব ও কর্তৃত্বের স্পষ্ট বিভাজনের দাবি ডিএসই পরিচালকদের
ডিএসই পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসির বলেন, পুঁজিবাজারের কার্যকর উন্নয়নের জন্য বিএসইসি ও ডিএসইর মধ্যে দায়িত্ব ও কর্তৃত্বের স্পষ্ট বিভাজন এবং কার্যকর সমন্বয় প্রয়োজন।
অপর পরিচালক স্নেহাশীষ বড়ুয়া বলেন, আইপিও ও রাইটস ইস্যু প্রক্রিয়ায় অধিকতর জবাবদিহি, দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া নিশ্চিত করতে হবে।
শেয়ার ক্যাটাগরি পুনর্মূল্যায়ন ও আধুনিক সেটেলমেন্টের ওপর জোর
বিএসইসির আরেক পরিচালক রিচার্ড ডি রোজারিও শেয়ার ক্যাটাগরি ব্যবস্থার পুনর্মূল্যায়ন, আধুনিক সেটেলমেন্ট ব্যবস্থা চালু ও ডিলিস্টিং প্রক্রিয়া কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করেন।
পরিচালক মিনহাজ মান্নান ইমন ব্রোকারেজ খাতের অনিয়ম প্রতিরোধ ও আইপিও প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় স্টক এক্সচেঞ্জের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
টি+১ সেটেলমেন্ট ব্যবস্থা চালুর প্রস্তুতি
বৈঠকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার জানান, স্ক্রিপ্ট নেটিং ও টি+১ সেটেলমেন্ট ব্যবস্থা চালুর লক্ষ্যে ডিএসই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এবং এ বিষয়ে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।
Posted ৯:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.