নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১০ জুন ২০২৬ | 17 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বুধবার (১০ জুন) লেনদেন শেষ হয়েছে মিশ্র প্রবণতায়। দিনজুড়ে সূচকের স্বাভাবিক ওঠানামা দেখা গেলেও বড় ধরনের কোনো নেতিবাচক চাপ ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ দুটি সূচকে সামান্য পতন হয়েছে, অন্যদিকে একটি সূচক কিছুটা বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমার পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেনও হ্রাস পেয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে আসায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা অনেকটাই কমেছে। বাজারে এখন স্বাভাবিক গতিশীলতা দেখা যাচ্ছে। সূচক বাড়ার সময় তা উল্লেখযোগ্যভাবে বাড়ছে, আবার পতনের সময়ও তা সীমিত পর্যায়ে থাকছে। ফলে বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক বাজার আচরণ হিসেবেই দেখছেন তারা। একই সঙ্গে বাজারকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশন বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাজার পরিসংখ্যান অনুযায়ী, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৬ দশমিক ৮২ পয়েন্টে নেমে আসে। তবে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ১১৪ দশমিক ১২ পয়েন্টে। অন্যদিকে ব্লু-চিপভিত্তিক ডিএসই-৩০ সূচক ০ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ৮০ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করে।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৯টির দাম বেড়েছে, ১৭৮টির কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত ছিল।
লেনদেনের পরিমাণেও কিছুটা ভাটা দেখা গেছে। বুধবার ডিএসইতে মোট ১ হাজার ২১০ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১ হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১৭৭ কোটি ৭৯ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৩ কোটি ৭২ লাখ টাকার তুলনায় কিছুটা বেশি।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে এবং সমসংখ্যক ১০৩টির দর কমেছে। এছাড়া ৩১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।
সূচকের ক্ষেত্রে সিএসইতে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। বাজারটির সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৩১৫ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করেছে। এর আগের কার্যদিবসে সূচকটি ১ দশমিক ২৬ পয়েন্ট বেড়েছিল।
সার্বিকভাবে দিনের লেনদেনে শেয়ারবাজারে মিশ্র চিত্র দেখা গেলেও বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Posted ২:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.