নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতার মধ্যেও লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানের দর বৃদ্ধি ইতিবাচক সংকেত দিচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
আজ (১২ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭১.৪০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ০.১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২.৩৫ পয়েন্টে অবস্থান করলেও ডিএসইএস সূচক ২.০৯ পয়েন্ট কমে ১ হাজার ৬১.০৭ পয়েন্টে নেমেছে।
লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে বেড়েছে। আজ ডিএসইতে মোট ৮৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে প্রায় ৬০ কোটি ২৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৮টির দর বেড়েছে, ১৪৫টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে লেনদেন বৃদ্ধি আশার আলো দেখাচ্ছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.৯৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৫৪.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
Posted ৩:১২ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.