নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: আজ (২ মার্চ) তিন মাসের ব্যবধানে সূচকের সর্বোচ্চ রেকর্ড উত্থানের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে হাজার কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়ে যাওয়ায় এটি ইতিবাচক বাজারের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। এতে বিনিয়োগকারীদের মধ্যে আরও আশার সঞ্চার হয়েছে।
তাদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উত্তাপ কিছুটা কমে এসেছে। ফলে লেনদেন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা কমেছে। ঈদের আগে থেকেই টানা উত্থানে লেনদেন চলছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকলে বাজার আরও স্থিতিশীল হবে এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণও বৃদ্ধি পাবে। তবে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং জোরদার করা জরুরি।
বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, ঈদের ছুটির পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৬.২০ পয়েন্টে—যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ মার্চ ডিএসইএক্স ছিল ৫ হাজার ৫৩৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৯.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
এদিন ডিএসইতে প্রায় ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এই পরিমাণ ছিল প্রায় ৯১২ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৬৮ কোটি ৪ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এখানে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৩৯ লাখ টাকার।
সিএসইতে লেনদেন হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০.০৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮০.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৬১.০২ পয়েন্ট বেড়েছিল।
Posted ৩:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.