নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ‘টেকনো ড্রাগসের মূল কারখানা নিলামে উঠছে, ২০৩ কোটি টাকা ঋণ খেলাপি’ শিরোনামে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত টেকনো ড্রাগস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো কোয়েরি লেটারের জবাবে গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে কোম্পানিটি এ ব্যাখ্যা দেয়।
এর আগে গত ৫ অক্টোবর ২০২৬ দৈনিক সমকালে ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনে কোম্পানিটির ঋণ খেলাপির বিষয়টি তুলে ধরা হয়েছিল।
ডিএসইর কোয়েরির জবাবে টেকনো ড্রাগস জানায়, কোম্পানিটির গাজীপুর ও নরসিংদীতে দুটি উৎপাদন কারখানা রয়েছে। উৎপাদিত বিভিন্ন পণ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে গর্ভনিরোধক বা জন্মনিয়ন্ত্রণ পণ্য, দীর্ঘদিন ধরে সরকারি দরপত্রের মাধ্যমে বিক্রি হয়ে আসছে।
কোম্পানির ভাষ্য অনুযায়ী, গত বছর সরকারি দরপত্রের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় প্রত্যাশিত নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে নিয়মিত ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে সাময়িক বিলম্ব হয়। কিস্তি পরিশোধে এই বিলম্বের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক একটি নোটিশ জারি করে। ওই নোটিশের বিষয়টিকেই কেন্দ্র করে দৈনিক সমকালে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল বলে জানিয়েছে কোম্পানিটি।
টেকনো ড্রাগস আরও জানিয়েছে, ব্যবস্থাপনা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ঋণ সমন্বয়ের লক্ষ্যে চেকের মাধ্যমে সমস্যার সমাধানে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে কোম্পানিটি।
কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের সব কারখানায় উৎপাদন কার্যক্রম বর্তমানে স্বাভাবিকভাবেই চলছে। সরকারি দরপত্র প্রক্রিয়া পুনরায় শুরু হলে কোম্পানির রাজস্ব প্রবাহ এবং ব্যাংকিং কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করছে তারা।
এ বিষয়ে শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী এবং ডিএসই কর্তৃপক্ষকে আশ্বস্ত করে টেকনো ড্রাগস জানিয়েছে, সাময়িকভাবে তৈরি হওয়া ঋণসংক্রান্ত সমস্যা সমাধানে কোম্পানির ব্যবস্থাপনা প্রয়োজনীয় ও কার্যকর সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।
Posted ৮:০৭ পিএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.