নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জুলাই ২০২৬ | 6 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত সমন্বিত (কনসোলিডেটেড) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড (Union Capital Limited) । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১.১৮ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৫৩ টাকা লোকসান। ফলে দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান কিছুটা কমেছে।
তবে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান বেড়ে ২.১২ টাকা হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ লোকসান ছিল ১.৬০ টাকা।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) ঋণাত্মক ০.১৮ টাকা হয়েছে। আগের বছরের একই সময়ে এটি ছিল ০.৮৯ টাকা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (কনসোলিডেটেড এনএভি) দাঁড়িয়েছে ঋণাত্মক ৬৭.৬১ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ঋণাত্মক ৬৫.৪৯ টাকা।
অর্ধবার্ষিক সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে কোম্পানিটি জানিয়েছে, খেলাপি ঋণ থেকে আদায় কমে যাওয়ায় সুদ আয় হ্রাস এবং খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন অবমুক্তির পরিমাণ কমে যাওয়া এর অন্যতম কারণ। পাশাপাশি রাইট-অফ করা ঋণ থেকে আদায়ও কমেছে, যা কোম্পানির আয়কে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।
অন্যদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) কমে যাওয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য সময়ে কর-পরবর্তী প্রায় ৩৬ কোটি ৫৯ লাখ টাকা নিট লোকসান হয়েছে। এ লোকসানের প্রধান কারণ হলো খেলাপি ঋণ থেকে আদায় কমে যাওয়ায় নিট সুদ আয় হ্রাস পাওয়া এবং রাইট-অফ করা ঋণ থেকে আদায় কমে যাওয়া, যার ফলে কোম্পানির নিট সম্পদ মূল্য আগের বছরের শেষ সময়ের তুলনায় আরও কমেছে।
Posted ১১:৫৪ এএম | বুধবার, ২২ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.