নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | 17 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। তবে এই লভ্যাংশের আওতায় থাকছেন না কোম্পানির স্পনসর ও পরিচালকরা।
কোম্পানি সূত্রে জানা গেছে, স্পনসর ও পরিচালকদের কাছে থাকা মোট ১৪ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ৩৫১টি শেয়ারের বিপরীতে কোনো নগদ লভ্যাংশ দেওয়া হবে না। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ বাবদ মোট ৬ কোটি ৭৫ লাখ ২৭ হাজার ২২১ টাকা পরিশোধ করা হবে।
এজিএম ২৫ অক্টোবর, হাইব্রিড পদ্ধতিতে:
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ অক্টোবর ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হবে। সরাসরি উপস্থিতির জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে ডি. টি. রোডের পাশে শাহ নেওয়াজ ইডেন পার্ক। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও সভায় অংশ নেওয়ার সুযোগ থাকবে।
রেকর্ড তারিখ ১ অক্টোবর:
লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ অক্টোবর ২০২৬।
আর্থিক সূচকে উন্নতি:
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫১ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫১ টাকা ৮১ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ছিল ৫১ টাকা ৭২ পয়সা।
অন্যদিকে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৫ টাকা ৭৩ পয়সা। আগের অর্থবছরে এ প্রবাহ ছিল ৫ টাকা ৭৮ পয়সা।
Posted ২:০৬ পিএম | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.