নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: টানা দুই কার্যদিবসের পর আজ (১৩ আগস্ট) সামান্য পতনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দিনটিতে সব সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। আরও লক্ষণীয়, লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের বিশ্লেষণে, গত ১১ আগস্ট সূচকে যে পরিমাণ উত্থান হয়েছিল, তার প্রায় ৩০ শতাংশ কমেছে গত দুই কার্যদিবসে। তবে এই পতন উত্থানকে সম্পূর্ণরূপে গ্রাস করতে পারেনি। তাই বলা যায়, বাজার এখনও উত্থানের ধারায় রয়েছে। বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে লেনদেন কমেছে—তারা শেয়ার বিক্রি না করে ধরে রেখেছেন, পতনে আতঙ্কিত না হয়েই। এই ধারা অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তাঁদের মতে, শুধু বিনিয়োগকারীদের সতর্ক থাকলেই চলবে না; নিয়ন্ত্রক সংস্থারও উচিত বাজার পর্যবেক্ষণ জোরদার করা, যাতে কেউ গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে। পাশাপাশি বাজারের উন্নয়নে আরও ইতিবাচক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৩৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৩.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৬৪ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭.১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৭৬ পয়েন্ট কমে ২ হাজার ১৯২.৭৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৩৫টির দর বেড়েছে, ১৮২টির দর কমেছে এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।
আজ ডিএসইতে প্রায় ৯২৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ টাকার তুলনায় প্রায় ১৪৮ কোটি ৭ লাখ টাকা কম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে গতকাল লেনদেন হয়েছিল ১৭ কোটি ৯৯ লাখ টাকার।
সিএসইতে লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দর বেড়েছে, ১০৪টির দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪.৮১ পয়েন্ট কমে ১৫ হাজার ৮০৩.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল এই সূচক ৩৭.৮৪ পয়েন্ট বেড়েছিল।
Posted ৩:১৫ পিএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
sharebazar24 | sajed khan
.
.