পুঁজিবাজারে অর্থ সংগ্রহে সিটি গ্রুপের সঙ্গে লংকাবাংলা ইনভেস্টমেন্টসের চুক্তি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ | 13 বার পঠিত | প্রিন্ট

পুঁজিবাজারে অর্থ সংগ্রহে সিটি গ্রুপের সঙ্গে লংকাবাংলা ইনভেস্টমেন্টসের চুক্তি
Responsive Ad Banner

পুঁজিবাজার থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ সিটি গ্রুপের
নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ শেয়ারবাজার থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহে উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি বাংলাদেশের ইকুইটি পুঁজিবাজারে যুক্ত হবে।

আজ (১৩ আগস্ট) সিটি গ্রুপের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Responsive Ad Banner

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন, আইনগত জটিলতা ও বাজারের বর্তমান অবস্থা বিশ্লেষণ করে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে এই অর্থায়ন কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সিটি গ্রুপ জানিয়েছে, ভবিষ্যতের সম্প্রসারণ ও অর্থায়নের চাহিদা পূরণে ব্যাংকঋণের পাশাপাশি শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থায়নের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পদক্ষেপের ফলে প্রতিষ্ঠানটি নতুন ইস্যুকারী হিসেবে পুঁজিবাজারে প্রবেশ করবে, যা বিনিয়োগকারীদের জন্যও নতুন সুযোগ তৈরি করবে।

প্রস্তাবিত অর্থ সংগ্রহ কার্যক্রমের ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসি। অর্থায়নের সম্ভাব্য উপকরণের মধ্যে রয়েছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), প্রাইভেট ইকুইটি, প্রেফারেন্স শেয়ার, করপোরেট বন্ড ও সুকুক—পুঁজিবাজার কর্তৃক অনুমোদিত অন্যান্য মাধ্যম।

প্রযোজ্য বিধিনিয়ম মেনে এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইস্যু ব্যবস্থাপনা ও বাজার সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করবে লংকাবাংলা ইনভেস্টমেন্টস। প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে সিটি গ্রুপের জন্য উপযুক্ত অর্থায়ন কাঠামো বিনির্মাণ করা হবে।

এ ছাড়া লেনদেন সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা ও অবকাঠামো সরবরাহের জন্য ওয়ান ব্যাংক পিএলসি ব্যাংকিং পার্টনার ও ব্যাংকার টু দ্য ইস্যু হিসেবে কাজ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান, স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালক ফারজানা রহমান এবং শম্পা রহমান উপস্থিত ছিলেন। এ সময় লংকাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসির পরিচালক ও লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাঁচ দশকের বেশি সময় ধরে ব্যবসা করে আসা সিটি গ্রুপ বর্তমানে দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী। ভোজ্যতেল, আটা-ময়দা, চিনি, ডাল, চাল, ফিড, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও শিল্পপণ্যের ব্যবসার সঙ্গে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।

সিটি গ্রুপের পুঁজিবাজারে প্রবেশের এ উদ্যোগকে দেশের করপোরেট খাতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থায়নে ব্যাংকনির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

Posted ৫:০৫ পিএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com