নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জুলাই ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের পতনের ধারাবাহিকতায় আজ রোববার (২৬ জুলাই) সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনে শুরু হয়েছে শেয়ারবাজার। মূল বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক এই পতনে আতঙ্কিত না হয়ে বরং এটিকে স্বাভাবিক বাজারচক্র হিসেবে দেখার পরামর্শ দিচ্ছেন তারা। তাঁদের মতে, পতনের সময়ই দীর্ঘমেয়াদে মুনাফার জন্য শেয়ার কেনার উপযুক্ত সুযোগ তৈরি হয়। বাজারে কখনো শুধু উত্থান বা শুধু পতন স্থায়ী হয় না; এটাই বাজারের স্বাভাবিক বৈশিষ্ট্য। তাই অলস টাকা দিয়ে ভালো কোম্পানির শেয়ার ক্রয় করলে ভবিষ্যতে উর্ধ্বমুখী বাজারে লাভবান হওয়া সম্ভব। ইতিবাচক দিক হলো, পতনের মধ্যেও বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করছেন না, যা লেনদেনের অঙ্ক বাড়াতে সহায়ক হয়নি—এটি বাজারের জন্য ইতিবাচক সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাজার পরিসংখ্যান অনুযায়ী, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৯২ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৪.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৭৫ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭.৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৫১ পয়েন্ট কমে ২ হাজার ১৮৬.২০ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৭৮০ কোটি ৬৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল প্রায় ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ দিনব্যাপী লেনদেন কমেছে প্রায় ১৫৮ কোটি ২৫ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের দিন ছিল ২০ কোটি ১৩ লাখ টাকা। সিএসইতে ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির দর বেড়েছে, ১৩৪টির কমেছে এবং ২৮টির অপরিবর্তিত রয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪১.৯১ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৭৮.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যদিও আগের দিন এটি ১৬১.০৯ পয়েন্ট কমেছিল।
Posted ২:৪৫ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.