নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ জুলাই ২০২৬ | 35 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি—ইনটেক লিমিটেড (INTECH) এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড (SINGERBD)-কে বিদ্যমান ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। বুধবার (৮ জুলাই, ২০২৬) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০ মে ২০২৪ তারিখের নির্দেশনা (নং: BSEC/CMRRCD/2009-193/77)-এর ধারা ১(ঘ) অনুযায়ী এ ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইনটেক লিমিটেডের ক্ষেত্রে কোম্পানিটির বিদ্যমান ‘বি’ ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বিদ্যমান ‘এ’ ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।
ডিএসই জানিয়েছে, উভয় কোম্পানির রাজস্ব সংরক্ষণ (Revenue Reserve) সমন্বয়ের পর সঞ্চিত লোকসান (Accumulated Loss) বা রিটেইনড আর্নিংসের (Retained Earnings) ঋণাত্মক স্থিতি তাদের পরিশোধিত মূলধনের (Paid-up Capital) পরিমাণ অতিক্রম করেছে। এ কারণেই বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানি দুটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, একই সঙ্গে ইনটেক লিমিটেড এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ার কেনার জন্য স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের মার্জিন ঋণ বা ঋণ সুবিধা প্রদান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএসই জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর বিধি ১১(৮) অনুযায়ী এ নিষেধাজ্ঞা ৮ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
Posted ১২:৪৬ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.