নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ জুলাই ২০২৬ | 125 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: সহযোগী সংস্থা ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে বিনিয়োগকৃত প্রায় ২৯৩ কোটি ১ লাখ টাকার অর্থের কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পরিচালনা পর্ষদ। এই বিনিয়োগের এক অংশকে রূপান্তরযোগ্য (কনভার্টিবল) এবং বাকি অংশকে অরূপান্তরযোগ্য (নন-কনভার্টিবল) প্রেফারেন্স শেয়ারে রূপান্তরিত করা হবে।
কোম্পানির প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (প্রাইস সেনসিটিভ ইনফরমেশন) থেকে জানা যায়, গত ৩০ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
পুনর্গঠন পরিকল্পনা অনুযায়ী, ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে জমাকৃত ২০০ কোটি টাকা বিনিয়োগকে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ২০ কোটি কনভার্টিবল নন-রিডিমেবল প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করা হবে। এই শেয়ারগুলোর ওপর বার্ষিক ৯ শতাংশ লভ্যাংশ (কুপন) প্রযোজ্য থাকবে এবং বরাদ্দের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে এগুলো রূপান্তরের (কনভার্সন) সুযোগ থাকবে।
অন্যদিকে, কোম্পানির বাকি ৯৩ কোটি ১ লাখ টাকা বিনিয়োগকে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৯ কোটি ৩০ লাখ ১০ হাজার নন-কনভার্টিবল রিডিমেবল প্রেফারেন্স শেয়ারে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর ক্ষেত্রেও বার্ষিক ৯ শতাংশ হারে লভ্যাংশ (কুপন) কার্যকর থাকবে এবং বরাদ্দের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে এসব শেয়ার পরিশোধ (রিডেম্পশন) করা হবে।
প্যারামাউন্ট টেক্সটাইল জানিয়েছে, পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং এটি মূল্যসংবেদনশীল তথ্য হিসেবে বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
কোম্পানির প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৩০ জুন ২০২৬ তারিখে পর্ষদ সভা অনুষ্ঠিত হয় এবং একইদিন কোম্পানি সচিব মো. রবিউল ইসলাম (এফসিএস) পরিচালনা পর্ষদের আদেশক্রমে এই মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করেন।
Posted ৭:১৩ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.