নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ জুন ২০২৬ | 43 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ২০১০ সালের পতনের পর দীর্ঘ সময় ধরে শেয়ারবাজার ছিল নাজুক অবস্থায়। বিভিন্ন সময়ে নেওয়া হয়েছিল নানা পদক্ষেপ, তবে তাতে স্থিতিশীলতা ফেরেনি। বরং বাজার আরও দুর্বল হয়ে পড়ে এবং বিনিয়োগকারীদের লোকসান বাড়তে থাকে। তবে গত ১৭ বছরের শাসনের অবসান ঘটিয়ে এ বছর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজার পুনরুদ্ধারে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শীর্ষ পদ পরিবর্তন করে নতুন কমিশন গঠন করা হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ ইতোমধ্যে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শেয়ারবাজারকে ঘুরে দাঁড় করাতে যে উদ্যোগ নিচ্ছে তা প্রশংসনীয়। নতুন কমিশন যদি স্বচ্ছ ও কারসাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারে, তাহলে একসময়ের স্বর্ণালী দিনে ফিরে যেতে পারে বাজার। বর্তমানে বাজার আরও দুর্বল হওয়ার আশঙ্কা না থাকলেও আগামীতে সূচক ও লেনদেনের পরিমাণ আরও বাড়তে পারে। তাই বিশ্লেষকদের পরামর্শ, সময়মতো ভালো শেয়ারে বিনিয়োগ করে লাভবান হওয়া সম্ভব। তবে গুজব ও অপতথ্যের ভিত্তিতে অবৈধ শেয়ারে বিনিয়োগ করলে বিপরীত ফল হতে পারে।
বাজার পরিসংখ্যান বলছে, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই বড় উত্থান দেখা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৬.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। একই দিনে অপর সূচক ডিএসইএস ৬.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫.৫৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৮.৮৬ পয়েন্ট, যা ২ হাজার ৮৭.১৯ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের তথ্যানুযায়ী, ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮৪টির দাম বেড়েছে, বিপরীতে ১৬০টির দাম কমেছে এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এদিন ডিএসইতে প্রায় ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৭৭ কোটি ৪৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচকের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সিএসইতে আজ (রোববার) ৫৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের দিনের লেনদেন ছিল ২৭ কোটি ৪৬ লাখ টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২৯.২০ পয়েন্ট, বর্তমানে সূচকটির অবস্থান ১৫ হাজার ৩৯৭.২২ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ৮২.৩৪ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিশনের নীতিগত উদ্যোগ ও সরকারের সমর্থনে এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।
Posted ২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.