শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজার শক্তিশালী করতে গভর্নরের কাছে ডিএসইর নানা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৮ মে ২০২৬ | 32 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজার শক্তিশালী করতে গভর্নরের কাছে ডিএসইর নানা প্রস্তাব
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে আরও আধুনিক, কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একগুচ্ছ প্রস্তাব তুলে ধরেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক বৈঠকে ডিএসইর প্রতিনিধি দল এসব প্রস্তাব উপস্থাপন করে।

ডিএসইর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান মমিনুল ইসলাম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম, স্নেহাশীষ বড়ুয়া, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, মো. সাজেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার।

Responsive Ad Banner

বৈঠকে পুঁজিবাজারের কাঠামোগত সংস্কার, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বাজার ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাজারে স্বচ্ছতা, তারল্য ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

ডিএসইর প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবার সময়সীমা বাড়ানো, বর্তমান T+2 সেটেলমেন্ট সাইকেল থেকে T+1-এ রূপান্তরে সহযোগিতা এবং ডিএসইর এফডিআর ও এসএনডি হিসাবের অর্থ নগদায়নের মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি।

এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য এনআইটিএ হিসাব খোলার প্রক্রিয়া সহজীকরণ, আইপিও ও বন্ড মার্কেটের মাধ্যমে পুনঃমূলধনীকরণ ব্যবস্থা চালু, সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট উন্নয়ন এবং সুকুক লেনদেন চালুর বিষয়েও সুপারিশ করা হয়। পাশাপাশি স্টক এক্সচেঞ্জের জন্য সিআইবি রিপোর্ট অ্যাক্সেস সুবিধা দেওয়ার দাবিও জানানো হয়।

বৈঠকে দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করে ডিএসই প্রতিনিধি দল। তাদের মতে, যথাযথ ক্ষতিপূরণ ছাড়া সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে অতীতের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার দায় সাধারণ বিনিয়োগকারীদের ওপর বর্তানোর আশঙ্কার কথাও তুলে ধরা হয়।

ডিএসইর পক্ষ থেকে ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং একীভূতকরণ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচক পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

ডিএসইর মতে, প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। একই সঙ্গে বাজারে তারল্য, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের উন্নয়ন ঘটবে এবং দীর্ঘমেয়াদে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন টেকসই আর্থিক বাজার ব্যবস্থা গড়ে উঠবে।

Facebook Comments Box

Posted ১০:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com