নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | 35 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসিকে সতর্কবার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে ভবিষ্যতে সব ধরনের সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।
সম্প্রতি বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, সিকিউরিটিজ আইন এবং মার্জিন রুলস, ১৯৯৯-এর বিধি ৩(২) লঙ্ঘনের অভিযোগে এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। পরবর্তীতে অনুষ্ঠিত শুনানিতে লংকাবাংলা সিকিউরিটিজ তাদের পক্ষে ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়।
তবে শুনানিতে উপস্থাপিত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিশন সন্তোষজনক ব্যাখ্যা পায়নি। এরপরও জনস্বার্থ এবং পুঁজিবাজারের শৃঙ্খলা বিবেচনায় নিয়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে প্রতিষ্ঠানটিকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, মার্জিন রুলসসহ কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে প্রতিষ্ঠানটিকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বা ব্যত্যয় পুনরায় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া কমিশন স্পষ্ট করেছে, এ সতর্কবার্তার মাধ্যমে লংকাবাংলা সিকিউরিটিজ কোনোভাবেই আইনগত দায় থেকে অব্যাহতি পাচ্ছে না। কোনো গ্রাহক বা সংশ্লিষ্ট পক্ষ ক্ষতির সম্মুখীন হলে প্রচলিত আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দায় বহন করতে হবে।
উল্লেখ্য, লংকাবাংলা সিকিউরিটিজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১৩২ নম্বর এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৯১ নম্বর ট্রেকহোল্ডার হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
Posted ৬:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.