নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | 22 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার কারসাজির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আরোপিত ৩১ কোটি ৩৮ লাখ টাকার জরিমানা বহাল রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শাস্তি পুনর্বিবেচনার জন্য করা রিভিউ আবেদন কমিশন গ্রহণ করেনি।
বিএসইসি সূত্রে জানা গেছে, অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে জরিমানা প্রত্যাহারের আবেদন করেছিলেন। তবে কমিশনের পর্যালোচনায় দেখা যায়, পূর্বে দেওয়া শাস্তি যথাযথ তথ্য-উপাত্ত ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই আরোপ করা হয়েছিল। নতুন কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারা এবং প্রক্রিয়াগত ত্রুটি প্রমাণে ব্যর্থ হওয়ায় রিভিউ আবেদন নামঞ্জুর করা হয়।
তদন্তে উঠে আসে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সময়ে আবুল খায়ের হিরু ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে শেয়ারটির লেনদেনে কৃত্রিম চিত্র তৈরি করেন। সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়িয়ে তারা মুনাফা অর্জন করেন এবং বাজারে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেন।
এই ঘটনায় সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের হিরু, তার ঘনিষ্ঠ স্বজন ও ব্যবসায়িক অংশীদারদের পাশাপাশি সাকিব আল হাসানের নামও উঠে আসে। তদন্তে তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পারিবারিক নেটওয়ার্কের মাধ্যমে কারসাজির সংশ্লিষ্টতা চিহ্নিত করা হয়।
আইন লঙ্ঘনের দায়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ১৭(ই)(২) ও ১৭(ই)(৫) এবং ধারা ২২ অনুযায়ী ১০ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়। এর মধ্যে আবুল খায়ের হিরু, আবুল কালাম মাতবর এবং কাজী সাদিয়া হাসানকে প্রত্যেককে ২ কোটি ৭৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া সাকিব আল হাসানসহ অন্যান্যদের বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়, যা মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩১ কোটি ৩৮ লাখ টাকা।
বিএসইসি জানিয়েছে, পারিবারিক ও ঘনিষ্ঠ ব্যবসায়িক নেটওয়ার্ক ব্যবহার করে এ ধরনের কারসাজি পুঁজিবাজারের জন্য বড় ঝুঁকি তৈরি করে। কমিশনের এ সিদ্ধান্ত বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের কঠোর অবস্থান বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
Posted ১১:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.