নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ড ও সরকারি ট্রেজারি বন্ডে নির্ধারিত পরিমাণ বিনিয়োগে ব্যর্থ হওয়ায় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একাধিক বিধি ও নির্দেশনা অমান্য করার দায়ে প্রতিষ্ঠানটিকে মোট ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সম্প্রতি বিএসইসির ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ সংক্রান্ত বিস্তারিত তুলে ধরা হয়।
রেস অ্যাসেটের ব্যবস্থাপনায় থাকা ফান্ডগুলোর মধ্যে রয়েছে—এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং রেস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিট ফান্ড।
আদেশে বলা হয়েছে, রেস পরিচালিত ১১টি ফান্ডের প্রতিটির বিপরীতে ৫ লাখ টাকা করে মোট ৫৫ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। একইসঙ্গে ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রতিটি মিউচুয়াল ফান্ডকে তার মোট পোর্টফোলিওর কমপক্ষে ৩ শতাংশ তালিকাভুক্ত ঋণপত্রে এবং ১ শতাংশ সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হয়। তবে নির্ধারিত সময় অতিক্রম করলেও রেস অ্যাসেট এই বাধ্যবাধকতা বাস্তবায়ন করেনি।
২০২১ সালের ২৩ মে জারি করা নির্দেশনায় ২০২২ সালের জুনের মধ্যে এই বিনিয়োগ নিশ্চিত করার কথা থাকলেও পরবর্তীতে সময়সীমা বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ ফান্ডেই ৩ শতাংশ বিনিয়োগের শর্ত পূরণ হয়নি।
এছাড়া, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারির নির্দেশনা অনুযায়ী বাজারের সব মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে নিজস্ব পোর্টফোলিওর অন্তত ১ শতাংশ ট্রেজারি বন্ডে বিনিয়োগের নির্দেশ দেওয়া হলেও রেস পরিচালিত কোনো ফান্ডেই এ নির্দেশনা বাস্তবায়ন হয়নি।
অন্যদিকে, ছয়টি ফান্ডের ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ২০২৪-২৫ অর্থবছরে একাধিক ট্রাস্টি কমিটির সভায় এই নিয়ম মেনে চলার আহ্বান জানালেও রেস তা অনুসরণ করেনি। একইভাবে চারটি ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) বিষয়টি বারবার অনিয়ম হিসেবে উল্লেখ করলেও কার্যকর কোনো পরিবর্তন দেখা যায়নি।
বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ নির্দেশনা উপেক্ষা করার প্রেক্ষিতে বিএসইসির এই জরিমানা একটি কঠোর বার্তা হিসেবে কাজ করবে। এর ফলে ভবিষ্যতে অন্যান্য সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো আইন ও বিধিমালা মেনে চলার বিষয়ে আরও সচেতন হবে বলে ধারণা করা হচ্ছে।
Posted ১:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.