নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | 220 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সাতটি সদস্য ব্রোকারেজ হাউজের কার্যক্রম পরিদর্শনের উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে ডিএসইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো মার্জিন ঋণ ব্যবস্থাপনায় বিধিমালা লঙ্ঘনসহ বিভিন্ন ধরনের অনিয়মে জড়িত। এসব অভিযোগ যাচাই-বাছাই করতে ডিএসইকে সরেজমিন পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সূত্র জানায়, সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও)-এর কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।
পরিদর্শনের তালিকায় থাকা ব্রোকারেজ হাউজগুলো হলো—স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নং-১৫৬), জেকেসি সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নং-১৭৯), আহমেদ ইকবাল হাসান সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নং-১১৪), মার্চেন্ট সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নং-১৬৯), শেলটেক ব্রোকারেজ লিমিটেড (ট্রেক নং-১২০) এবং কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (ট্রেক নং-১৮০)।
জানা গেছে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ও ৪ মার্চ ডিএসই থেকে বিএসইসিতে একাধিক চিঠি পাঠানো হয়, যেখানে এসব প্রতিষ্ঠানের স্টক-ব্রোকার ও স্টক-ডিলার নিবন্ধন সনদ নবায়নের তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে মার্জিন ঋণ বিতরণে অনিয়ম ও বিধি ভঙ্গের বিষয়ও উল্লেখ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে কমিশন শুধু উত্থাপিত অভিযোগই নয়, পরিদর্শনের সময় অন্য কোনো অসঙ্গতি পাওয়া গেলে সেটিও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ডিএসই কর্তৃপক্ষ জমা দেওয়া ফরম-(ছ) বিশ্লেষণে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মার্জিন রুলস, ১৯৯৯ এবং ২০২২ সালের ২০ মে জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছে না।
এই অবস্থায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর বিধি ১৭(১) অনুযায়ী পরিদর্শন শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ডিএসইকে।
বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার তৎপরতা বেড়েছে। বিশেষ করে মার্জিন ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসইসির কঠোর অবস্থান বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
Posted ১:১৫ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.