বৃহস্পতিবার ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

আর্থিক সচেতনতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০ হাজার বিনিয়োগকারী তৈরির পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট

আর্থিক সচেতনতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০ হাজার বিনিয়োগকারী তৈরির পরিকল্পনা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: টেকসই ও সুসংগঠিত পুঁজিবাজার গড়ে তুলতে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। “প্রশিক্ষিত বিনিয়োগকারী, সমৃদ্ধ শেয়ারবাজার”—এই লক্ষ্য সামনে রেখে কমিশনের অধীন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)-কে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, বিএএসএমকে প্রতি মাসে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের তালিকা পরবর্তী মাসের ১ তারিখের মধ্যে কমিশনে দাখিল করতে হবে।

Responsive Ad Banner

একই সঙ্গে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে অন্তত ৫ হাজার সাধারণ বিনিয়োগকারীকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। পাশাপাশি আগামী ২০২৬-২৭ অর্থবছরে আরও ৫ হাজার ৫০০ জন বিনিয়োগকারীকে প্রশিক্ষিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে ২০২৭ সালের মধ্যে মোট ১০ হাজারের বেশি প্রশিক্ষিত বিনিয়োগকারী তৈরির পরিকল্পনা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান সম্প্রসারণে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিষয়ক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের লিংক এখন থেকে জাতীয় তথ্য বাতায়নের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে দেশের যেকোনো বিভাগ, জেলা বা উপজেলা পর্যায়ের সরকারি ওয়েবসাইট থেকেই সাধারণ মানুষ সহজে এসব লিংকে প্রবেশ করে পুঁজিবাজার সংক্রান্ত তথ্য, ভিডিও টিউটোরিয়াল ও দিকনির্দেশনা জানতে পারবেন।

বিএসইসির মতে, বিনিয়োগকারীদের আর্থিক সচেতনতা বাড়লে গুজবনির্ভর সিদ্ধান্ত ও অযৌক্তিক ঝুঁকি নেওয়ার প্রবণতা কমবে। এতে বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বাড়বে। প্রশিক্ষণপ্রাপ্ত বিনিয়োগকারীরা কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, যা সামগ্রিকভাবে বাজারের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

বাজার সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ সাধারণ বিনিয়োগকারীদের বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি কমাতে সহায়ক হবে এবং একটি দায়িত্বশীল বিনিয়োগ সংস্কৃতি গড়ে তুলবে।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) বিএসইসির একটি একাডেমিক শাখা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং মহাপরিচালক হিসেবে আছেন কামরুল আমন খান। বিএএসএম নিয়মিতভাবে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস, ফিনটেক এবং অথোরাইজড রিপ্রেজেন্টেটিভদের জন্য বিভিন্ন বিশেষায়িত কোর্স ও সেমিনার আয়োজন করে থাকে, যা পুঁজিবাজারে পেশাদারিত্ব বাড়াতে এবং ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করতে ভূমিকা রাখছে।

Facebook Comments Box

Posted ৮:২৭ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com