নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | 201 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীর আস্থা বাড়াতে ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক প্রতিবেদনসমূহের ফরেনসিক বিশ্লেষণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
তিনি বলেন, “সংবাদমাধ্যমের মাধ্যমেই বিনিয়োগকারীরা প্রথম তথ্য সংগ্রহ করেন। সঠিক ও প্রমাণনির্ভর সংবাদ বাজারে আস্থা বাড়ায়, স্থিতিশীলতা নিশ্চিত করে এবং মূলধন গঠনের পথ সুগম করে।”
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটিতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী এবং শুভেচ্ছা বক্তব্য দেন এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী।
কর্মশালাটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশন অব সার্টিফায়েড ফ্রড এক্সামিনারস (এসিএফই) বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম কবির ও সিএফই আরিফ মাহমুদ।
সাংবাদিকদের জন্য ফরেনসিক বিশ্লেষণের গুরুত্ব
বিএসইসি চেয়ারম্যান বলেন, “আর্থিক প্রতিবেদনের ফরেনসিক বিশ্লেষণ শুধু সাংবাদিকদের জন্য নয়, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও সাধারণ জনগণের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা বা সম্ভাব্য অনিয়ম খালি চোখে বোঝা যায় না।”
তিনি আরও যোগ করেন, “এই প্রশিক্ষণ সাংবাদিকদের গভীর বিশ্লেষণ করার সক্ষমতা দেবে। সংবাদ হবে আরও প্রমাণনির্ভর, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক হবে।”
নিরপেক্ষ ও গবেষণাধর্মী সাংবাদিকতার ওপর জোর
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “নিরপেক্ষ সাংবাদিকতা কেবল তথ্য প্রকাশ নয়, এটি সামাজিক দায়িত্ব। অপ্রমাণিত তথ্য বা গুজব ছড়ালে বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়। তাই প্রতিটি সংবাদ হতে হবে ভারসাম্যপূর্ণ ও গবেষণাধর্মী। যত বেশি নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী সংবাদ উপস্থাপন করবেন, বিনিয়োগকারীর আস্থা তত বাড়বে, বাজারও শক্তিশালী হবে।”
সাংবাদিকদের উন্নয়নে বিএসইসির সহযোগিতা
বিএসইসি চেয়ারম্যান জানান, সাংবাদিকদের দক্ষতা ও মানোন্নয়নে কমিশন সবসময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। তিনি বলেন, “শুধু সাংবাদিকতা পুরস্কার নয়, ফেলোশিপ কর্মসূচিতেও আমরা সিএমজেএফকে যুক্ত করেছি। এতে কেউ কেউ আপত্তি জানালেও আমাদের উদ্দেশ্য একটাই—সাংবাদিকদের সঙ্গে দীর্ঘমেয়াদে ঘনিষ্ঠভাবে কাজ করা। এতে তারা উচ্চ মানে পৌঁছাতে পারবেন এবং বিনিয়োগকারীরাও উপকৃত হবেন।”
শেষে তিনি বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তথ্যভিত্তিক বাজার ব্যবস্থা ছাড়া কোনো শেয়ারবাজার টেকসই হতে পারে না।”
Posted ৩:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.