নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিকাশ ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে লাইসেন্সধারী মিউচুয়াল ফান্ড এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মাধ্যমে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও সার্টিফিকেশনের পর এসব এজেন্টকে কাজ শুরুর সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে আয়োজিত ‘ডিজিটাল ডিসেপশন অ্যান্ড স্ক্যাম অ্যালার্ট’ শীর্ষক সেমিনারে বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। রাজধানীর ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।
মাসুদ খান বলেন, প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সম্পন্ন করার পর লাইসেন্সধারী এজেন্টরা মিউচুয়াল ফান্ড খাতে কাজ শুরু করতে পারবেন। পুঁজিবাজারের বিকাশে এ খাতকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে কমিশন।
মিউচুয়াল ফান্ডের সম্ভাবনা তুলে ধরে বিএসইসি চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের বিকাশ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, দেশটিতে লাইসেন্সধারী মিউচুয়াল ফান্ড এজেন্টরা বিমা ব্রোকারদের মতো কাজ করেন। এ ধরনের ব্যবস্থার ফলে সেখানে মিউচুয়াল ফান্ড শিল্প বড় পরিসরে বিকশিত হয়েছে।
মাসুদ খানের মতে, মিউচুয়াল ফান্ড খাতের বিকাশের মাধ্যমে পুঁজিবাজারে শেয়ার বিশ্লেষণ ও বিনিয়োগ ব্যবস্থাপনায় দক্ষ অংশগ্রহণ বাড়ানো সম্ভব। তাই শুধু সরাসরি শেয়ারে বিনিয়োগের ওপর নির্ভর না করে মিউচুয়াল ফান্ডের মতো বিনিয়োগ মাধ্যমের বিকাশেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়নের জন্য বাজারের গভীরতা ও বাজার মূলধন বাড়ানো জরুরি। এ লক্ষ্য অর্জনে মিউচুয়াল ফান্ডসহ বিভিন্ন বিনিয়োগ পণ্যের বিকাশ প্রয়োজন। কমিশন বাজারসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নীতিমালা প্রণয়নের চেষ্টা করছে, যাতে সেগুলো বাজারের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, পুঁজিবাজারের উন্নয়ন শুধু নিয়ন্ত্রক সংস্থার একার পক্ষে সম্ভব নয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম এবং বিনিয়োগকারীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের মৌলভিত্তিসম্পন্ন শেয়ার বাছাই এবং বুঝে-শুনে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।
মিউচুয়াল ফান্ড খাতে লাইসেন্সধারী এজেন্ট চালুর পরিকল্পনাকে পুঁজিবাজারের বিনিয়োগব্যবস্থা সম্প্রসারণের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে তুলে ধরেন মাসুদ খান। প্রশিক্ষণ ও সার্টিফিকেশনের মাধ্যমে দক্ষ এজেন্ট তৈরি করে এ খাতের বিকাশে কাজ করতে চায় কমিশন বলে জানান তিনি।
Posted ৭:৪৮ পিএম | সোমবার, ১২ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.