সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

চার মাসের রেকর্ডে শেয়ারবাজার, সূচকে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | 0 বার পঠিত | প্রিন্ট

চার মাসের রেকর্ডে শেয়ারবাজার, সূচকে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারের সূচক আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি, ২০২৬) চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশগ্রহণকারী অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় বাজারে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে, যা শেয়ারবাজারে আবারও সোনালী দিনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, দীর্ঘদিন পর দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। নতুন সরকার গঠনের পর বাজার পরিস্থিতি আরও স্থিতিশীল হবে—এমন প্রত্যাশা থেকেই বিনিয়োগকারীরা বাজারের লেনদেনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। সূচক বাড়লেও বড় ধরনের দরপতনের আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে এ সময়ে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে প্রত্যাশা অনুযায়ী মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৮২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১১ দশমিক ৯৪ পয়েন্টে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৮ অক্টোবর ২০২৫ সালে ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৩৩৭ দশমিক ৮৬ পয়েন্ট।

এদিন ডিএসইর অন্যান্য সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ দশমিক ৫০ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৩৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩১ দশমিক ৫৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩২৭টির শেয়ারদর বেড়েছে, ৩৭টির দর কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৬৪৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই বাজারে লেনদেন হয়েছিল প্রায় ৪৭৮ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসেবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৬৭ কোটি ৬৩ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেনের পরিমাণ ছিল ৬ কোটি ৩৩ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৪১টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯২ দশমিক ৮৮ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ৫৩ দশমিক ৩০ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৩:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com