নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | 197 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন-এর শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লেনদেন নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) আনুষ্ঠানিকভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছে। বিএসইসি সূত্রে জানা গেছে, ৬০ কর্মদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে ডিএসইকে বাধ্যতামূলক সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানিয়েছেন, ডিএসই’র তদন্ত প্রতিবেদন হাতে এলে কমিশন যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি বিএসইসি’র নিজস্ব সার্ভিল্যান্স টিম প্রতিদিন জিকিউ বলপেনের লেনদেন ও শেয়ারের দাম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
অস্বাভাবিক দরবৃদ্ধি, তদন্তের মূল কারণ
বিএসইসি’র চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোম্পানিটির শেয়ারের দামে সুস্পষ্ট অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। ২৩ জুন ২০২৫ তারিখে জিকিউ বলপেনের শেয়ারদর ছিল ১৫৯ টাকা ৮০ পয়সা, যা মাত্র ৫০ কর্মদিবসে বেড়ে ২৯ সেপ্টেম্বর (আজ সোমবার) দাঁড়িয়েছে ৫৯৯ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ এ সময়ে দাম বেড়েছে ৪৩৯ টাকা ৭০ পয়সা বা ২৭৫.১৫ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উল্লম্ফন কোনো স্বাভাবিক ব্যবসায়িক প্রবৃদ্ধির ফল নয়। বরং এটি স্বল্প মূলধনী কোম্পানির দুর্বলতা কাজে লাগিয়ে প্রভাবশালী একটি সিন্ডিকেটের কারসাজির ফসল।
আর্থিক ভিত্তি দুর্বল, তবুও শেয়ার উর্ধ্বমুখী
কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে স্পষ্টভাবে লোকসান দেখা যাচ্ছে—
পরিশোধিত মূলধন মাত্র ৮ কোটি ৯৩ লাখ টাকা হওয়ায় সহজেই অল্প শেয়ার নিয়ন্ত্রণের মাধ্যমে কারসাজিকারীরা দাম বাড়িয়ে নিচ্ছে। অভিযোগ রয়েছে, কোম্পানির প্রায় সব শেয়ারই সিন্ডিকেটের হাতে জমা, যার কারণে অল্প লেনদেন দিয়েই তারা বাজারে অস্বাভাবিক দর তৈরি করছে।
বাজার বিশ্লেষকদের মতামত
বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, জিকিউ বলপেনের প্রকৃত আর্থিক অবস্থা এতটা শক্তিশালী নয় যে এর শেয়ারমূল্য মাত্র দুই মাসে তিন গুণেরও বেশি বাড়বে। প্রতিদিনের অস্বাভাবিক লেনদেনধারা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—এটি একটি পরিকল্পিত কারসাজি।
তাদের মতে, যদি যথাসময়ে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে বাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা আরও ভেঙে পড়বে এবং পুরো শেয়ারবাজার কয়েকজন কারসাজিকারীর নিয়ন্ত্রণেই থেকে যাবে।
Posted ১১:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.